মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১১

নাইজেরিয়ার জন্য প্রস্তুত আর্জেন্টিনা

ইতিহাস আর্জেন্টিনার পক্ষে। দুই দলের শক্তির ব্যবধানও সেই কথা বলে। কিন্তু দল দু'টোর শেষ ম্যাচে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে দিয়ে নাইজেরিয়াও জানিয়ে দিয়েছে মোটেও হাল্কাভাবে নেয়া যাবে না তাদের। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে হাল্কাভাবে নিচ্ছেন না আলেহান্দ্রো সাবেইয়া। ফুটবল জাদুকর লিওনেল মেসির নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে এসেছেন তিনি। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। দুই দলই খেলার মধ্যে রয়েছে। কোপা আমেরিকায় ব্যর্থ মিশন শেষে ভেনিজুয়েলার বিপক্ষে ২ সেপ্টেম্বর কোলকাতায় প্রস্তুতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ওই খেলায় নিকোলাস ওতামেন্ডির গোলে জয় পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নাইজেরিয়া আফ্রিকান নেশন্স কাপের বাছাই পর্বের ম্যাচে ৪ সেপ্টেম্বর ২-০ গোলে মাদাগাস্কারকে হারিয়ে ঢাকা এসেছে। গোল করেন জোসেফ ইয়োবো ও ভিক্টোর অবিন্না। এ পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-নাইজেরিয়া। এর মধ্যে আর্জেন্টিনা জিতছে ৩ বার। নাইজেরিয়া একটিতে ও অপর খেলাটি ড্র হয়। আবুজায় নাইজেরিয়ার ৪-১ গোলের ওই জয় ঢাকায় 'প্রতিশোধ'র গন্ধ ছড়াচ্ছে। সাবেইয়া অবশ্য প্রতিশোধের কথা ভাবছেন না। তার মুখে ভালো ফুটবলের গান। আবুজায় প্রায় দ্বিতীয় সারির একটি দল নামিয়েছিলেন আর্জেন্টিনার তৎকালীন কোচ সার্জিও বাতিস্তা। এবার কিন্তু সে রকম কিছু হবে না বলে এরই মধ্যে আভাস দিয়েছেন সাবেইয়া। ভেনিজুয়েলার বিপক্ষে মেসিকে সামনে রেখে বল আদান-প্রদানের মধ্য দিয়ে ছন্দময় ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ঢাকায় সেই খেলার অনুবাদ করতে চান কোচ।
গঞ্জালো হিগুয়েন ও সার্জিও অ্যাগুয়েরোকে নিয়ে মেসি গড়ে তুলেছেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগের একটি। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের হয়েও নিয়মিত গোল পাচ্ছেন তারা। অ্যাঞ্জেল ডি মারিয়া, হ্যাভিয়ার মাসচেরানো, হ্যাভিয়ার পাস্তোর, হোসে আর্নেস্তো সোসা মধ্যমাঠে নাইজেরিয়াকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে দিতে চাইবেন না। বিশেষ করে, মারিয়া ও মাসচেরানো নাইজেরিয়ার জন্য সত্যিকারের বিপদ হয়ে উঠতে পারেন।
পাবলো জাবালেতা, নিকোলাস বুর্দিসো, মার্টিন ডেমিকেলিস ও নিকোলাস ওতামেন্ডি গড়ে তুলেছেন জমাট রক্ষণভাগ। চার দেশের চার লিগে খেললেও জাতীয় দলে তাদের বোঝাপাড়াটা দারুণ। গোলপোস্টের নিচে সাবেইয়াকে ভরসা দিচ্ছেন সার্জিও রোমেরো। ছেড়ে কথা কইবে না নাইজেরিয়াও। মেসিকে আটকে দিয়ে আর্জেন্টিনার খেলা এলোমেলো করে দেয়াই হবে তাদের প্রথম কাজ। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ও বিশ্ব মানের ফুটবলার রয়েছেন। একটু সুযোগ পেলে আর্জেন্টিনাকে আবারো তারা ডোবাতে পারেন হতাশায়। ভিনসেন্ট এনইয়েমা, জোসেপ ইয়োবো, জন মিকেল ওবি, জুয়েল ওবি, আহমেদ মুসা, ব্রাউন আদিয়ে ও চিনেদোস ওবাসির মতো তারকা খেলোয়াড় রয়েছে আফ্রিকার দলটিতে। একে পূর্ণ শক্তির আর্জেন্টিনার দল, তারওপর নাইজেরিয়ার কোচ স্যামসন সিয়াসিয়ার মন্তব্য 'জিততেই হবে' এ অবস্থায় একপেশে লড়াইয়ের আভাস খুঁজতে গেলে ভুল করবেন। আপনি নিশ্চিত থাকতে পারেন জুনের ৪-১ গোলের ওই জয়কে যারা বাঁকা চোখে দেখেন, তাদের দেখিয়ে দিতে এই খেলাতেও জয় চাইবেন সিয়াসিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ