বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২

ভর্তিতে অতিরিক্ত ৯ কোটি টাকা নিয়েছে ৩ স্কুল

রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমিটি। তবে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ সত্ত্বেও এই অর্থ বেতনের সঙ্গে সমন্বয় বা ফেরত দেওয়া হয়নি বলে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ভর্তি ফি বাবদ মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩ হাজার ৫৪ জন ছাত্রছাত্রীর কাছ থেকে ৫ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ১০০ টাকা, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২ হাজার ৬৬৭ জন শিক্ষার্থীর কাছ থেকে ৩ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ১ হাজার ৬২৭ ছাত্রীর কাছ থেকে ৬৮ লাখ ১৭ হাজার ১০০ টাকা অতিরিক্ত ফি আদায় করে। শিক্ষা মন্ত্রণালয় এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভর্তি নীতিমালা অনুযায়ী অতিরিক্ত অর্থ তাদের মাসিক বেতনের সঙ্গে সমন্বয় বা ফেরত দিতে এক মাসের সময় দিয়ে নোটিস দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী বিএএফ শাহীন কলেজ ও মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ ভর্তিতে নেওয়া অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের বেতনের সঙ্গে সমন্বয় করেছে। এছাড়া আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সেনাসদরের অনুমতিক্রমে আগামী বছরের সেশন চার্জের সঙ্গে এই অতিরিক্ত অর্থ সমন্বয় করবে। প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশ মেনে ১৭টি প্রতিষ্ঠানের মধ্যে বিএএফ শাহীন কলেজ ১৩১ জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা ৭৮ হাজার ৬০০ টাকা এবং মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ ৪৪০ জনের কাছ থেকে আদায় করা অর্থ তাদের মাসিক বেতনের সঙ্গে সমন্বয় করেছে। মহানগরীর সাতটি প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ নেয়নি বলে তদন্ত কমিটি জেনেছে। এছাড়া অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ এবং শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের কোনো তথ্য পাওয়া যায়নি। হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয় ১ হাজার ৩৪ জন ছাত্রীর কাছ থেকে ১২ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা অতিরিক্ত ভর্তি ফি আদায় করলেও এটি সরকারের এমপিওভুক্ত প্রতিষ্ঠান না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বিতন-ভাতা পরিশোধে ব্যয় হবে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ঢাকা মহানগরীর ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে নেওয়া অতিরিক্ত অর্থ মাসিক বেতনের সঙ্গে সমন্বয় বা ফেরত দেওয়ার বিষয় খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি সরেজমিনে পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার সংসদে জানান, শিক্ষার্থী ভর্তির সময় নেওয়া অতিরিক্ত অর্থ আগামী এক মাসের মধ্যে ফেরত না দিলে শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির সময় নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত অথবা বেতনের সঙ্গে সমন্বয় করতে গত ৩০ জানুয়ারি নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপরেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই ভর্তির সময় নেওয়া অতিরিক্ত এই অর্থ ফেরত দেয়নি বলে অভিযোগ ছিল।

বিডিআর বিচার স্থগিত ও র‌্যাব ভাঙার সুপারিশ

বিডিআর বিদ্রোহে অভিযুক্তদের ‘গণ বিচার’ প্রক্রিয়ায় ‘গলদ’ রয়েছে দাবি করে তা এখনই স্থগিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একইসঙ্গে ব্যাপক বিচার বহির্ভূত হত্যার অভিযোগ থাকা ‘এলিট বাহিনী’ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভেঙে দিয়ে একটি নতুন ‘বেসামরিক’ বাহিনী গড়ে তোলার সুপারিশ করেছে নিউ ইয়র্কভিত্তিক এ সংস্থা। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় সন্দেহভাজন ও অভিযুক্তদের ওপর নির্যাতনের অভিযোগ এবং র‌্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, বিচারের জন্য আটক অন্তত ৪৭ জন বিডিআর সদস্য হাজতে থাকা অবস্থায় ‘নিহত’ হয়েছেন। তাদের ওপর নির্যাতন চালানোর প্রমাণ হিউম্যান রাইটস ওয়াচের হাতে রয়েছে। ওই সময় আটক প্রায় ৬ হাজার বিডিআর (বর্তমান বিজিবি) সদস্য ন্যায়বিচার পাবেন কি না- তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে। বুধবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নিউ ইয়র্কভিত্তিক সংস্থা এইচআরডাব্লিউর দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, “র‌্যাব ভেঙে দিয়ে পুলিশের মধ্যে একটি অসামরিক ইউনিট বা নতুন সংস্থা তৈরি করা হোক, যারা অপরাধ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এর ভিত্তি হিসাবে মানবাধিকারগুলোকে গুরুত্ব দেবে।”

ফের আসছে কনকর্ড গতি ঘন্টায় ৪০০০ কিলো

বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়াররা এক্স-৫৪ তৈরিতে সফল হলে একবারও না থেমে মাত্র ৪ ঘণ্টায় লন্ডন থেকে সিডনিতে পৌঁছাতে পারবে প্লেনটি। খবর গিজম্যাগ-এর।অল্প সময়ে দূরের পথ পাড়ি দিতে অনেকেরই প্রথম পছন্দ ছিলো সুপারসনিক প্যাসেঞ্জার জেট প্লেন কনকর্ড। কিন্তু ২০০৩ সালে অবসরে যায় কনকর্ডের সবগুলো পুরোনো প্লেন। কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪ তৈরি হলে এটি হবে পৃথিবীর দ্রুততম প্যাসেঞ্জার জেট প্লেন। এটির গতি হবে প্রতি ঘণ্টায় ৪০০০ কিলোমিটার। এর ফলে মাত্র ৪ ঘণ্টায় লন্ডন থেকে সিডনিতে পৌছাতে পারবে প্লেনটি।কনকর্ড এক্স-৫৪ নিয়ে বোয়িং ও লকহিড মার্টিন ছাড়াও কাজ করছে প্যাসেঞ্জার জেট স্পেশালিস্ট গালফস্ট্রিম। এ কাজেই অ্যারোনটিক্স কোম্পানিগুলো নাসার কাছ থেকেও সহযোগিতা পাচ্ছে।
বোয়িং এবং লকহিড মার্টিন কর্তৃপক্ষ এতোদিন কনকর্ড এক্স-৫৪ নিয়ে গোপনীয়তা রক্ষা করেই এসেছে। তবে ফার্নবোরো এয়ার শোতে বোয়িং, লকহিড মার্টিন এবং গালফস্ট্রিম কর্তৃপক্ষের একসঙ্গে কনকর্ডের নতুন মডেলটির ঘোষণা দেবার সম্ভাবনা আছে।

জনপ্রিয় পোস্টসমূহ