বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২

বিডিআর বিচার স্থগিত ও র‌্যাব ভাঙার সুপারিশ

বিডিআর বিদ্রোহে অভিযুক্তদের ‘গণ বিচার’ প্রক্রিয়ায় ‘গলদ’ রয়েছে দাবি করে তা এখনই স্থগিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একইসঙ্গে ব্যাপক বিচার বহির্ভূত হত্যার অভিযোগ থাকা ‘এলিট বাহিনী’ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভেঙে দিয়ে একটি নতুন ‘বেসামরিক’ বাহিনী গড়ে তোলার সুপারিশ করেছে নিউ ইয়র্কভিত্তিক এ সংস্থা। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় সন্দেহভাজন ও অভিযুক্তদের ওপর নির্যাতনের অভিযোগ এবং র‌্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, বিচারের জন্য আটক অন্তত ৪৭ জন বিডিআর সদস্য হাজতে থাকা অবস্থায় ‘নিহত’ হয়েছেন। তাদের ওপর নির্যাতন চালানোর প্রমাণ হিউম্যান রাইটস ওয়াচের হাতে রয়েছে। ওই সময় আটক প্রায় ৬ হাজার বিডিআর (বর্তমান বিজিবি) সদস্য ন্যায়বিচার পাবেন কি না- তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে। বুধবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নিউ ইয়র্কভিত্তিক সংস্থা এইচআরডাব্লিউর দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, “র‌্যাব ভেঙে দিয়ে পুলিশের মধ্যে একটি অসামরিক ইউনিট বা নতুন সংস্থা তৈরি করা হোক, যারা অপরাধ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এর ভিত্তি হিসাবে মানবাধিকারগুলোকে গুরুত্ব দেবে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ