শনিবার, ২৮ জানুয়ারি, ২০১২

শাবিতে সাংবাদিক কক্ষ লুটপাট করলো ছাত্রলীগ

১১ জানুয়ারীতে ছাত্র সংঘর্ষের জের ধরে আবাসিক ছাত্র হলগুলোতে শিবির নিয়ন্ত্রিণ ও সাধারণ শিক্ষার্থীদের কক্ষে কোটি কোটি টাকার মালামাল লুটপাটের পর এবার সাংবাদিক কক্ষে হানা দিল ছাত্রলীগ ক্যাডাররা। গতকাল বৃহস্পতিবার রাতে শাহপরান হলের এ-ব্লকের ২০৩ নং সাংবাদিক কক্ষে তালা ভেঙ্গে কম্পিউটার,প্রিন্টার,কাপড়-চোপড়সহ প্রায় দেড় লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুটপাট করে। উক্ত কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিনটি জাতীয় দৈনিকের সংবাদকর্মী থাকতেন। হলে কর্তব্যরত পুলিশ ও প্রহরীদের উপস্থিতিতে লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের বিচার ও ক্ষতিপূরণ চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকবৃন্দ। লুটপাটে জড়িতদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিকরা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ প্রদান করবে বলে প্রেস ক্লাবের সদস্য সচিব আজগর খান জানান। এদিকে সাংবাদিক কক্ষে ছাত্রলীগ ক্যাডারদের লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শাখা ছাত্রদল । শাখার আহবায়ক এসএম জাহাঙ্গীর ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন।
এ ব্যাপারে ছাত্রলীগের আহবায়ক শামছুজ্জামান চৌধুরী বিষয়টি দেখছেন বলে জানান। ঘটনার ব্যাপারে শাহপরান হল প্রভোস্ট ড. মস্তাবুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা দ্রুত ব্যবস্থা নেয়া বলে জানান।

আ.লীগ একদলীয় চেতনায় বিশ্বাসী: রিজভী

সরকারি দল বিএনপির ২৯ জানুয়ারির শান্তিপূর্ণ গণমিছিল বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, ওইদিন সরকারি দল পাল্টা কর্মসূচি দিয়ে প্রমাণ করেছে তারা হিংসাত্মক ও বাকশালী। শুক্রবার বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, সরকার বিরোধী দলের কর্মসূচি সহ্য করতে পারছে না। তারা পাল্টা কর্মসূচি দিয়ে প্রমাণ করেছে আওয়ামী লীগ হিংসাত্মক মনোবৃত্তি ও একদলীয় চেতনায় বিশ্বাসী। তিনি বলেন, ওইসব চেতনা এখন আর জনগণ গ্রহণ করেনা। বিএনপির শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি বানচাল করার ষড়যন্ত্র করা হলে আরো কঠোর কর্মসূচি আসবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলিম প্রমুখ।

মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১২

নিজামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আমলে নেয়ার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল অভিযোগের শুনানি আগামী ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

তত্বাবধায়ক সরকারের পক্ষে বিকল্পধারা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুপারিশ করেছে বিকল্পধারা বাংলাদেশ।নির্বাচন কমিশন (ইসি) গঠন করা নিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গে সকাল ১১টায় সংলাপে বসেন বিকল্পধারা। সংলাপ শেষে বিকল্পধারার সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরীর এ কথা জানান।বিকল্পধারার সুপারিশে বলা হয়েছে, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে এবং বর্তমান কমিশনকে আগামী তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত বহাল রাখতে হবে। ওই তত্ত্বাবধায়ক সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে।এর আগে প্রেসিডেন্ট মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সাম্যবাদী দল এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট সংলাপে বসে। গত ২৬ ডিসেম্বর ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টি, ২৭ ডিসেম্বর এলডিপি ও সিপিবি এবং ২৯ ডিসেম্বর বাংলাদেশ সাম্যবাদী দল ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপ করেন প্রেসিডেন্ট।

ভিকারুন নিসার সাবেক অধ্যক্ষ ও লুৎফরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভিকারুন নিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণ মামলায় সাবেক অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুৎফর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।একই সঙ্গে আদালত ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক পরিমল জয়ধরসহ এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন।
এ মামলার প্রধান আসামি ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধর বর্তমানে কারাগারে রয়েছেন। কেবল তাকে আসামি দেখিয়ে এজাহারভুক্ত আসামি হোসনে আরা ও লুৎফরের নাম বাদ দিয়ে এ মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দিয়েছিল পুলিশ।গত ৫ জানুয়ারি ওই প্রতিবেদনের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে আজ সোমবার এ বিষয়ে আদেশ দেন ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. আরিফুর রহমান।

বিপিএলে নিলামে তোলা হচ্ছে দেশের ৮০ জন ক্রিকেটারকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র নিলামে তোলা হবে দেশের ৮০ জন ক্রিকেটারকে। ১২০ জন ক্রিকেটারের মধ্য থেকে সেরা ৮০ জনকে বাছাইয়ের দায়িত্বে আছেন জাতীয় দলের তিন নির্বাচক। তাদের কাজের অগ্রগতিও হয়েছে অনেক। আজ সোমবার স্থানীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। ছয় আইকন ক্রিকেটার আগেই নির্বাচিত হয়ে আছে। তাদেরকে ছাড়া ‘এ’ গ্রেডে চারজন, ‘বি’ গ্রেডে ১৫ জন এবং ‘সি’ গ্রেডে ৩০ জনকে নির্বাচন করা হয়েছে। এই ৫৫ জনের সঙ্গে আরও ২৫ জনকে নেওয়া হবে। বাকি খেলোয়াড়দেরকে নেওয়ার জন্য নির্বাচকরা আরেকটি গ্রেড অবশ্য করে রেখেছেন।
‘এ’- গ্রেড: মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন ও মাশরাফি বিন মর্তুজা। ‘বি’ গ্রেড: নাজিমউদ্দিন, জুনায়েদ সিদ্দিক, শুভাগত হোম চৌধুরী, ইলিয়াস সানি, রকিবুল হাসান, সোহরাওয়ার্দী, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, আনামুল হক বিজয়, জহুরুল ইসলাম, ইমরুল কায়েস, ফরহাদ রেজা, মিথুন আলী ও নাঈম ইসলাম। ‘সি’ গ্রেড: তুষার ইমরান, নাদীফ চৌধুরী, নাজমুল হোসেন মিলন, ফরহাদ হোসেন, আসিফ আহমেদ রাতুল, সাব্বির হোসেন, মাহমুদুল হাসান, রাজিন সালেহ, মেহরাব হোসেন জুনিয়র, মুমিনুল হক, ফয়সাল হোসেন, আফতাব আহমেদ, সোহাগ গাজী, তাপস ঘোষ, আরাফাত সানি, মোশারফ হোসেন রুবেল, নাজমুল হোসেন অপু, নূর হোসেন মুন্না, এনামুল হক জুনিয়র, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন, মুক্তার আলী, সৈয়দ রাসেল, মাহবুবুল আলম, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ, আরাফাত সালাউদ্দিন, আলাউদ্দিন বাবু, জিয়াউর রহমান ও ধীমান ঘোষ।
অতিরিক্ত তালিকায় আছেন: শামসুর রহমান, রনি তালুকদার, নাফিস ইকবাল, ইমতিয়াজ হোসেন, অমিত মজুমদার, সৈকত আলী, অভিষেক মিত্র, মাহবুবুল করিম, সৌম্য সরকার, নাসিরুদ্দিন ফারুক, নাজমুস সাহাদাত, মাইশুকুর রহমান, আব্দুল মজিদ, ফয়সাল হোসেন, মিজানুর রহমান, মার্শাল আইয়ুব, শরীফুল¬াহ, আবুল বাশার, ইজাজ আহমেদ, ইফতেখার নাঈম, তাসামুল হক, তানভির হায়দার, সাকলায়েন সজীব, সানজামুল ইসলাম, নাবিল আহমেদ, শাকের আহমেদ, বিশ্বনাথ হালদার, সাজু দত্ত, মুরাদ খান, শাহজাদা, তারেক আজিজ খান, তাপস বৈশ্য, শুভাশীষ সরকার, মনোয়ার হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সাজিদুল ইসলাম, কাজী কামরুল, তানজীম আহমেদ, আরমান মজুমদার, আবু জাহেদ রাহী, আরিফুল হক, তালহা যুবায়ের, রাসেল আল মামুন, মিঠুন ইসলাম, রেজাউল করিম, উত্তম সরকার, সগির হোসেন, নুরুল ইসলাম, শাহীন হোসেন, হামিদুল ইসলাম হিমেল, তরুণ সরকার, আরমান হোসেন ও শাফাক আল জাবির।

আগামী ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ

বর্তমান সরকারকে ‘বিদায় করতে’ আগামী ১২ মার্চ রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন চারদলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।এছাড়া ২৯ জানুয়ারি ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল হবে। ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা থাকায় গণসংযোগসহ মানববন্ধন করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম রোডমার্চের শেষে সোমবার বিকেলে পলোগ্রাউন্ড মাঠের জনসভায় তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার তিন বছরে দেশের মানুষের জন্য কিছু করতে পারে নাই। নির্বাচনের সময় যে ওয়াদা দিয়েছিল তা তারা রক্ষা করে নাই। তাদের মুখে উন্নয়নের কথা শোভা পায় না।তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম রোডমার্চের শেষে সোমবার বিকেলে পলোগ্রাউন্ড মাঠের জনসভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ বন্ধুহীন হয়ে পড়েছে। দেশে ও দেশের বাইরে তাদের কোনো বন্ধু নেই। দেশের মানুষ তো সাথে নেই-ই, বিদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।বিকেল ৩টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসন জনসভা মঞ্চে পৌঁছালে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। তিনি বক্তৃতা শুরু করেন বিকেল পৌনে ৫টায়।
সোমবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মহাসমাবেশের কার্যক্রম। দুপুরের আগেই পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। মাঠের গণ্ডি ছাপিয়ে মহাসমাবেশে আসা লোকজন ছড়িয়ে পড়ে পুরো শহরে। রোডমার্চের গাড়ি ছাড়াও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার গাড়ি যোগ দেয় মহাসমাবেশে। চারদলীয় জোটের স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেন।

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২

বাংলাদেশে ভারতের বিনিয়োগ ৩০০০ কোটি

বাংলাদেশে ভারতের বিনিয়োগ প্রায় ৬০ কোটি ডলার বা ৩০০০ কোটি রুপি। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গাঢ় হওয়ার প্রেক্ষিতে এই বিনিয়োগ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গতকাল এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এক সরকারি সূত্র বলেছেন, সেখানে রয়েছে কোরিয়ান ফার্মসহ রপ্তানি প্রক্রিয়াকরণ জোন (ইপিজেড)। আমরা একই কাজ করতে পারি ভারতীয় প্রতিষ্ঠানগুলোর জন্য। এ বিষয়ে তারা ভারতীয় কোম্পানিগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন বলে প্রত্যাশা করেন। তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় বেশকিছু টেক্সটাইল প্রতিষ্ঠান তাদের অফিস স্থাপন করেছে। এর কারণ, বাংলাদেশে শ্রমিকের খরচ কম। উন্নয়নশীল দেশ হিসেবে রয়েছে শুল্ক ছাড়ের সুবিধা। ফলে অনেক কোম্পানি বাংলাদেশে তাদের পণ্য উৎপাদন করছে এবং সেখান থেকেই পণ্য রপ্তানি করছে। বাংলাদেশে বেশকিছু ভারতীয় বায়িং হাউজ কর্মকাণ্ড পরিচালনা করছে। ঢাকা এবং দিল্লির মধ্যে রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে দুই দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড একই গতিতে এগিয়ে যাচ্ছে।

বাঙালি নারীর হাতে মণিপুরি তাঁত

দারিদ্র্যের সঙ্গে জন্মগত পরিচয়। কি বাবার বাড়িতে, কি স্বামীর ঘরে—সবখানেই দারিদ্র্যের নির্মমতা ও ছোবল। কারও হয়তো শুধু মাথা গোঁজার ভিটেটুকু আছে। কারও তা-ও নেই। অভাব-অনটনের টানাপোড়েনে জীবন আর চলে না। কিন্তু সেই জীবন থেকে বের হওয়ার রাস্তাও কারও জানা নেই। বাবা বা স্বামী—দিনমজুরি করে ও রিকশা চালিয়ে যা আয় করেন, তাতে তিন বেলা হাঁড়ি চড়ানো যায় না। এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য ছটফট করেন ভানুবিলের বাঙালি নারীরা। এ অঞ্চলটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা। টিলায় টিলায় বাড়িঘর। সরগরম হাটবাজার থেকে খুব দূরবর্তী গ্রাম না হলেও অনুন্নত রাস্তার কারণে অনেকটা দুর্গম। গ্রামটি বেশ বড়। মণিপুরি অধ্যুষিত। আর মণিপুরি সমাজের ঘরে ঘরে রয়েছে তাঁত, যা ‘মণিপুরি তাঁত’ নামে জানে সবাই। ঐতিহ্যগতভাবে মণিপুরি নারীদের সবাই তাঁতে কাপড় বুনতে পারেন। কেউ কম বোনেন, কেউ বেশি, এই যা ব্যবধান। ভানুবিলের বাঙালি নারীরা দূর থেকে, পাশে থেকে তাঁতের সেই সূক্ষ্ম কাজ দেখেন আর বিস্মিত হন। অনেকের ধারণা, এই কাজ শুধু মণিপুরি নারীদের জন্য। তাই দেখে দেখেই যুগ যুগ কেটে গেছে প্রতিবেশী বাঙালি নারীদের। কখনোই তাঁদের মাথায় আসেনি এ কাজটি তাঁরাও শিখতে পারেন। তাঁরাও কাপড় বুনতে পারেন। এখান থেকে দুই পয়সা রোজগার করতে পারেন। কিন্তু সময় হয়তো একই রকম যায় না। ভানুবিলের বাঙালি নারীরাও একদিন চোখ মেললেন। যেন বাড়ির কাছে আরশিনগর খুঁজে পাওয়া। তাঁরা হাত বাড়ালেন মণিপুরি তাঁতের দিকে। ভানুবিলের সুন্দরী বেগম তাঁদেরই একজন। বিয়ে হয়েছিল একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম আদখানিতে। এক মেয়ের জন্মের পরই স্বামী মারা গেলেন। চোখে অন্ধকার দেখলেন তিনি। মেয়েকে নিয়ে বাবা-ভাইয়ের সংসারে আবার ফেরা। মন খারাপ হয়ে থাকে। ভাইদের সংসারই চলে না, দিন চলে না। কী করবেন! সুন্দরী বেগম বললেন, ‘সব সময় মন চাইত নিজে একটা কিছু করি। আত্মনির্ভরশীল হই। অন্যের দিকে তাকিয়ে থাকতে, অন্যের কাছে হাত পাততে মন মানত না।’ তিনি জানান, এসব ভাবতে ভাবতেই একসময় বাড়ির কাছের মাঝেরগাঁওয়ে মণিপুরি তাঁত শেখা শুরু করলেন। সেটা প্রায় ১০-১২ বছর আগের কথা। মণিপুরি বাড়িতে তাদের তাঁতে কাজ করলেন। একটা আয়ের পথ হলো। এভাবে চলল প্রায় তিন-চার বছর। কাজ করে যা পান, তা দিয়ে তাঁর ও মেয়ের খরচ মোটামুটি চলে যায়। একপর্যায়ে মাথায় আসে নিজেই তাঁত বসাবেন। কাপড় বোনার কাজ তো নিজেই জানেন। তাঁতটা নিজের হলে আয়টা বেশি হবে। এই চিন্তা থেকেই প্রায় আট বছর আগে বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংক ও হিড থেকে টাকা ঋণ নিয়ে ঘরে দুটি তাঁত বসিয়েছেন। এ তাঁতেই এখন তিনিসহ মোট চারজন কাজ করছেন। তাঁত বসাতে তাঁর খরচ হয়েছিল ১৪ হাজার টাকা। তাঁদের দেখানো পথ ধরে আকলিমা বেগম, মনোয়ারা বেগম, শমি বিবি, এশারুন বেগম, লায়লা বেগম, আজিজুননাহার, নুরুননাহার—এ রকম অনেকেরই ঘরে এখন ঘটাং ঘটাং করে তাঁত বোনার শব্দ বাজে।
গ্রামবাসী জানান, বিগত কয়েক বছরে প্রায় ৬০ থেকে ৭০টি বাঙালি পরিবারে মণিপুরি তাঁত বসেছে। আর এর সব উদ্যোক্তাই হচ্ছেন নারী। ঘরের সব কাজকর্মের ফাঁকে ফাঁকে তাঁরা তাঁতে শাড়ি বুনছেন। যাঁদের নিজেদের তাঁত নেই, তাঁরা প্রতিবেশীর তাঁতে কাজ করছেন। তাঁদের আর দূরে কোথাও যেতে হচ্ছে না। এ ধরনের নারীর সংখ্যাও ভানুবিলে (আদি বা মধ্য) প্রায় আড়াই শ। এর মধ্যে অনেক ছোট ছোট মেয়েও আছে। সরেজমিনে গেলে ভানুবিলের এই বাঙালি নারীরা ঘরে ঘরে তাঁত তৈরির নীরব উত্থানের কথা জানালেন। সমবেত প্রায় অর্ধশত নারী, তরুণী, কিশোরীর চোখ-মুখে ফুটে ওঠে আত্মনির্ভরশীলতার প্রশান্তি। তাঁরা জানান, এই তাঁতের কাজ করে তাঁরা হয়তো তেমন বেশি কিছু করতে পারেন না। কিন্তু কেউ এখন আর না খেয়ে থাকছেন না। নারীরাই হয়ে উঠছেন সংসারের চালিকাশক্তি।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, ‘বাঙালি নারীরা মণিপুরি তাঁতে কাজ করে তাঁদের উন্নয়ন করছেন। বিভিন্ন ব্যাংকের সঙ্গে তাঁদের ঋণ দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। এঁদের ঋণ দিয়ে সহযোগিতা করলে এঁরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন।’

জারদারি, নওয়াজ ও কিয়ানির প্রতি পাকিস্তান সুপ্রিম কোর্টের নোটিশ

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, বিরোধীদলীয় নেতা নওয়াজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কিয়ানির প্রতি নোটিশ জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। মেমোগেট কেলেংকারি মামলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। পাকিস্তানে সম্ভাব্য সেনা অভ্যুত্থান ঠেকাতে প্রেসিডেন্ট জারদারি মার্কিন প্রশাসনের সহযোগিতা চেয়ে গত মে মাসে যে গোপন চিঠি লিখেছিলেন অক্টোবর মাসে তা ফাঁস হয়ে যায়। এ ঘটনাকে মেমোগেট কেলেংকারি হিসেবে উল্লেখ করা হয়। এ নিয়ে পাকিস্তানের বিরোধীদলীয় নেতা নওয়াজ শরীফসহ বেশ কয়েকজন ব্যক্তি আদালতে তদন্ত দাবি করে রিট পিটিশন দায়ের করেন। পিটিশনের শুনানি শেষে আদালত তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটিই দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে এ নোটিশ দিয়েছে। এতে ওই গোপন চিঠির বিষয়ে প্রত্যেকের নিজস্ব অবস্থান ও মতামত তুলে ধরতে বলা হয়েছে। আগামী ০৯ জানুয়ারির মধ্যে এসব ব্যক্তিকে ইসলামাবাদের হাইকোর্ট ভবনে নোটিশের জবাব পৌঁছাতে বলা হয়েছে। এ ছাড়া, গোপন চিঠির বিষয়ে এক মাসের মধ্যে তদন্ত শেষ করবে বিচার বিভাগীয় কমিটি। সেনাপ্রধান কিয়ানি পাঁচদিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন। নোটিশ জারির পর প্রেসিডেন্ট জারদারি ইসলামাবাদে নিজ দল পিপলস পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির বৈঠক ডেকেছেন। এ কমিটির বৈঠকে ঠিক করা হবে প্রেসিডেন্ট আদালতে হাজির হবেন কি না। এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অন্যতম প্রধান ব্যক্তি এবং ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হোসেইন হাক্কানি তার জীবননাশের আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়ার পরই তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। হাক্কানি ওয়াশিংটনে পাকিস্তানি রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময় ওই চিঠির বিষয়টি ফাঁস হয়।

সিডনি টেস্ট : ভারত রানের পাহাড়ের নিচে

মাইকেল ক্লার্ক আর এগোলেন না। ৩২৯ রানেই থামিয়ে দিলেন নিজের ইনিংস। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৪ উইকেটে ৬৫৯। অধিনায়ক ক্লার্কের এই অনবদ্য ও অসাধারণ ইনিংসের কারণে ছায়াবন্দী হয়ে গেছেন মাইক হাসি। তাঁর অপরাজিত থেকে করা দেড়শ রানের ইনিংসটি কি দলীয় বিচারে কম গুরুত্বপূর্ণ ! তবে সবকিছু ছাপিয়ে সিডনির নায়ক সেই মাইকেল ক্লার্কই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান ক্লার্ক আজকের নায়ক হবেনই। ভারত তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে ৪৬৮ রান পিছিয়ে থেকে। অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর থেকে ভারতীয় ব্যাটসম্যানদের যে ফর্ম, তাতে একে পবতসমই মনে হচ্ছে সবার কাছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বীরেন্দর শেবাগকে হারিয়ে সেই কথার সত্যতা প্রমাণিত হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় চা বিরতি চলছিল। আর ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৫৩ রান। উইকেটে ছিলেন গৌতম গম্ভীর ও রাহুল দ্রাবিড়।

কুমিল্লা সিটি নির্বাচনে সাক্কু বিজয়ী

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নগরিক কমিটির প্রার্থী মুনিরুল ইসলাম সাক্কু বিজয়ী হয়েছেন। ৬৫ টি কেন্দ্রের ভোট গণনায় সাক্কু পেয়েছেন ৬৫ হাজার ৭৪০টি ভোট এবং তাঁর নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজাল খান পেয়েছেন ৩৫ হাজার ৪২৯টি ভোট। এর আগে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। সেখানে প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট দেন ভোটাররা। এটিই শতভাগ ইভিএম ব্যবহারের দেশের প্রথম কোনো নির্বাচনী এলাকা। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধান দুই মেয়র প্রার্থী মুনিরুল ও আফজাল। নগরিক কমিটির প্রার্থী মুনিরুল নির্বাচনের ভোট গ্রহণের সন্তুষ্ট প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যে ব্যক্তিই জয়ী হবে তা মেনে নেয়ারও ঘোষণা দেন তারা। একইভাবে সন্তুষ্টি প্রকাশ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজাল বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট দিতে কারও কোন ধরনের সমস্যা হয়নি। তবে নির্বাচনী ফলাফল যেই হোক আমি তা মেনে নেব।

মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১২

কন্যা সন্তানের মা হলেন সালমা

ক্লোজআপ তারকা ও জনপ্রিয় ফোকশিল্পী সালমা মা হয়েছেন। গতকাল রোববার রাতে লালমাটিয়া সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। নবজাতকের নাম রাখা হয়েছে স্নেহা। এখন মা-মেয়ে সুস্থ আছেন। সালমা সবার কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ২/৩ দিনের মধ্যেই সালমা ধানমন্ডিস্থ নিজ বাসায় ফিরে যেতে পারবেন। উল্লেখ্য, গেল বছরের প্রথম দিকে হঠাৎ করেই দিনাজপুর পৌর চেয়ারম্যান শিবলী সাদিককে বিয়ে করেন সালমা।

উত্তরের প্রতি দক্ষিণ কোরিয়ার আহ্বান পরমাণু কর্মসূচি বাদ দিয়ে সংলাপে বসুন

উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি বাদ দিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক। উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যুর পর দু’দেশের মধ্যে নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি বন্ধ করলে পিয়ংইয়ংকে অর্থনৈতিক সহযোগিতা দিতে সিউল প্রস্তুত রয়েছে। লি মিয়ুং বাক বলেছেন, যদি উত্তর কোরিয়া আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসে তাহলে কোরিয় উপদ্বীপে নতুন অধ্যায়ের সূচনা করা সম্ভব। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিয়ংইয়ং নতুন করে কঠোরনীতির ঘোষণা করার তিনদিন পর সিউল আজ (সোমবার) এসব কথা বলল। কিম জং ইলের শেষকৃত্য অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার কোনো সরকারি প্রতিনিধিদলকে আসতে না দেয়ায় উত্তর কোরিয়া তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে কঠোরনীতি অনুসরণের ঘোষণা দেয়। ওই দিন উত্তর কোরিয়ার সামরিক কমিশন বলেছিল- প্রেসিডেন্ট মিয়ুং বাকের সঙ্গে পিয়ংইয়ং কোনো ধরনের আলোচনায় বসবে না। এ ছাড়া, উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন গতকাল দেশটির সেনাবাহিনীর ট্যাঙ্ক ডিভিশন পরিদর্শন করেছেন এবং এটাই ছিল তার প্রথম কোনো সরকারি কর্ম তৎপরতা। সে কারণে মনে করা হচ্ছে তিনিও তার বাবার মতোই কঠোরনীতি অনুসরণ করবেন। বিশ্লেষকরাও বলছেন,উত্তর কোরিয়া সহজে তার অনুসৃত পথ থেকে সরে আসবে বলে মনে হয় না। পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতির সঙ্গে উত্তর কোরিয়ার বৈঠক দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে।

জ্বালানী তেলে চলবে অ্যাপেলের ল্যাপটপ

এবার জ্বালানী তেলে চলবে ল্যাপটপ,শুনতে অবাক লাগলেও এমন খবরের জানান দিল অ্যাপল । সম্প্রতি তারা দুটি পেটেন্ট আবেদন করেছে । এমনকি, ভবিষ্যতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করেও চালানো যাবে টেক জায়ান্ট অ্যাপলের তৈরি এই ল্যাপটপ। টাইম ম্যাগজিন-এর বরাত দিয়ে জানা যায়,২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে করা এ পেটেন্ট আবেদনে অ্যাপল প্রযুক্তিটির নাম দিয়েছে ‘ফুয়েল সেল সিস্টেম টু পাওয়ার এ পোর্টেবল কম্পিউটিং ডিভাইস’ ।
এ প্রযুক্তির দুটি অংশ একটি অংশের আবেদনে বলা হয়েছে, কম্পিউটারে তেলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হবে আর সে বিদ্যুৎই ল্যাপটপের শক্তি হিসেবে কাজ করবে। আরেকটি আবেদনে বলা হয়েছে, রিচার্জ করা যায় এমন ব্যাটারি এবং পোর্টেবল কম্পিউটিং ডিভাইসকে জ্বালানিচালিত নতুন ল্যাপটপ শক্তির যোগান দেবে যা প্রয়োজন হলে তা থেকে চার্জও নিতে পারবে। বোরোহাইড্রাইটের সঙ্গে পানি মিশিয়ে অ্যাপল ল্যাপটপের জ্বালানির কাঁচামাল তৈরি করা যাবে বলেও অ্যাপল তাদের আবেদনে উল্লেখ করেছে। এ প্রযুক্তিতে জ্বালানি কোষ হিসেবে এমন ব্যাটারি ব্যবহার করা হবে যাতে ব্যাটারির আকার এবং ওজন কমে যাবে এবং ডিভাইস হবে অনেক হালকা-পাতলা। একবার তেল দেয়া হলে কম্পিউটার একসপ্তাহেরও বেশি চলবে বলেই বিশ্লেষকরা জানিয়েছেন।

হঠাৎ সারাদেশে বৈরী আবহাওয়া, আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

ভারতের তামিলনাড়ুর ওপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোনের প্রভাবে বাংলাদেশে সোমবার হঠাৎ করে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে দেশের বিভিন্ন জেলায় কুয়াশা ও হাল্কা বৃষ্টিপাত হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। সকাল থেকে লোকজন ঘর থেকে বের হতে পড়ে নানা সমস্যায়। কেউ কেউ ছাতা নিয়ে কাজে বের হয়। এদিকে বৃষ্টি নিয়ে নগরবাসীর মাঝে নানা জল্পনা-কল্পনা চলছে। অনেকে বলছেন, অকালে বৃষ্টি হলে দেশে নানা সমস্যা সৃষ্টি হবে। এই বৈরীতাকে দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ বলে মনে করা হলেও আবহাওয়া অধিদপ্তর তা নাকচ করে দিয়েছে। এই পরিস্থিতি আজকের মধ্যেই কেটে যাবে দাবি করে আবহাওয়া বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তিনি জানান, দিন কয়েক আগে তামিলনাড়ুতে সাইক্লোনের প্রভাবে বাংলাদেশের আকাশ বেশ মেঘলা রয়েছে এবং ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে। তবে এটি স্থায়ী হবে না। আগামীকাল মঙ্গলবার থেকেই আকাশে সূর্য দেখা যাবে।

পর্নোগ্রাফির সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাবাস

সর্বোচ্চ ১০ বছর কারাদন্ডের বিধান রেখে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১১ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে এই অপরাধের জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা ও উভয় দণ্ডেরও বিধান রাখা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, পর্নোগ্রাফি সারা দেশে ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। স্যাটেলাইট ও মুঠোফোনের মাধ্যমে পর্নোগ্রাফি ছড়াচ্ছে। তিনি বলেন, পর্নোগ্রাফির কারণে নারী, পুরুষ ও যুবসমাজ হেয় হচ্ছে। তাই এ আইন করা হয়েছে। এ ছাড়া বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন ২০১১-এর খসড়া অনুমোদন হয়েছে। এ প্রসঙ্গে প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, দেশের বর্তমান সমুদ্র বন্দরগুলোতে গভীরতা কম থাকার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকার জন্যই এমন একটি সমুদ্রবন্দর স্থাপন জরুরি।

জনপ্রিয় পোস্টসমূহ