মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১২

উত্তরের প্রতি দক্ষিণ কোরিয়ার আহ্বান পরমাণু কর্মসূচি বাদ দিয়ে সংলাপে বসুন

উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি বাদ দিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক। উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যুর পর দু’দেশের মধ্যে নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি বন্ধ করলে পিয়ংইয়ংকে অর্থনৈতিক সহযোগিতা দিতে সিউল প্রস্তুত রয়েছে। লি মিয়ুং বাক বলেছেন, যদি উত্তর কোরিয়া আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসে তাহলে কোরিয় উপদ্বীপে নতুন অধ্যায়ের সূচনা করা সম্ভব। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিয়ংইয়ং নতুন করে কঠোরনীতির ঘোষণা করার তিনদিন পর সিউল আজ (সোমবার) এসব কথা বলল। কিম জং ইলের শেষকৃত্য অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার কোনো সরকারি প্রতিনিধিদলকে আসতে না দেয়ায় উত্তর কোরিয়া তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে কঠোরনীতি অনুসরণের ঘোষণা দেয়। ওই দিন উত্তর কোরিয়ার সামরিক কমিশন বলেছিল- প্রেসিডেন্ট মিয়ুং বাকের সঙ্গে পিয়ংইয়ং কোনো ধরনের আলোচনায় বসবে না। এ ছাড়া, উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন গতকাল দেশটির সেনাবাহিনীর ট্যাঙ্ক ডিভিশন পরিদর্শন করেছেন এবং এটাই ছিল তার প্রথম কোনো সরকারি কর্ম তৎপরতা। সে কারণে মনে করা হচ্ছে তিনিও তার বাবার মতোই কঠোরনীতি অনুসরণ করবেন। বিশ্লেষকরাও বলছেন,উত্তর কোরিয়া সহজে তার অনুসৃত পথ থেকে সরে আসবে বলে মনে হয় না। পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতির সঙ্গে উত্তর কোরিয়ার বৈঠক দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ