সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

নৌপরিহন ও যোগাযোগমন্ত্রী সভা থেকে সাংবাদিকদের বের করে দিলেন

জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২০তম সভায় আমন্ত্রণ জানিয়েও সাংবাদিকদের সভা থেকে বের করে দিলেন নৌপরিহনমন্ত্রী শাহজাহান খান ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। আর তাদের সঙ্গে সুর মেলান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আবার এ আমন্ত্রণ জানানোকে ‘ভুল হয়েছে’ বলেও মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী। আজ রবিবার রেল ভবন মিলনায়তনে সকাল ১০টায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে সভা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর অনুপস্থিতিতেই নির্ধারিত সময় সভা শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ আমন্ত্রিত অতিথিরা বৈঠকে বসেন। সভার শুরুতে বিআরটিএ’র এর পক্ষ থেকে তাদের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। বেলা ১১টার দিকে যোগাযোগমন্ত্রী সভায় পৌঁছান। এরপর নৌমন্ত্রী শাজাহান খান বলেন, “সভায় সাংবাদিকরা থাকতে পারবেন না। সভাটি শুধু সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের জন্য।” এ সময় যোগাযোগমন্ত্রীও সাংবাদিকদের সভা থেকে বের হয়ে যেতে বলেন এবং জানান, সভার সিদ্ধান্ত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। এ সময় উপস্থিত সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে নৌপরিবহন মন্ত্রী বলেন, এটি জনসভা নয়। জনসভা হলে সভা পল্টনেই করতাম। এ সময় সাংবাদিকরা বৈঠকের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের সকাল সাড়ে ১০টায় উপস্থিত হওয়ার অনুরোধ জানানোর কারণ জানতে চান। জবাবে আমন্ত্রণ পত্রের প্রেরক যোগাযোগমন্ত্রী বলেন, এটি হয়তো আমাদের ভুল হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ