শুক্রবার, ১৫ জুলাই, ২০১১

 নাইট উপাধি নেওয়া স্থগিত করালেন ঐশ্বরিয়া

মুম্বাইয়ে গতকাল বুধবার সন্ধ্যায় আবারও সন্ত্রাসী হামলার ঘটনা বলিউডের শিল্পী-কলাকুশলীদের অবাক করেছে। আর এ ঘটনায় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন অনুরোধ জানিয়ে তাঁকে দেওয়া ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক ‘নাইট অব দি অর্ডার অব আর্টস অ্যান্ড লেটারস’ বা নাইট উপাধি গ্রহণ স্থগিত করিয়েছেন। অনুষ্ঠানটি গতকাল নয়াদিল্লিতে হওয়ার কথা ছিল। অতিথিরাও যথাসময়ে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিলেন। কিন্তু মুম্বাইয়ে সিরিজ বোমা হামলা সবকিছুই উলটপালট করে দেয়। বোমা হামলার খবর শুনে সাবেক এই বিশ্বসুন্দরী কর্তৃপক্ষকে তাত্ক্ষণিকভাবে অনুষ্ঠান স্থগিতের অনুরোধ জানান। তিনি বলেন, ‘এ সময়টা আমাদের সবার জন্য খুবই দুঃখের। আমাদের সবারই উচিত ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়ানো।’শুধু নাইট উপাধির অনুষ্ঠান স্থগিত নয়; ভারতে গতকাল এই বোমা হামলার পর পরিচালক, অভিনেতা-অভিনেত্রী তাঁদের নানা কর্মকাণ্ডও স্থগিত করেন। পরিচালক ফারহান আখতার তাঁর পরবর্তী ছবি ‘ডন টু’ মুক্তি পাওয়ার কথা বললেও সেটি আপাতত হচ্ছে না। মহেশ ভাট-ইমরান হাশমি ‘মার্ডার টু’ ছবিটির এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন; সেটিও স্থগিত করা হয়। হাশমি বলেন, ‘যেখানে আমাদের দেশে মানুষ মারা যাচ্ছে, সেখানে আমরা ফুর্তিতে মেতে থাকতে পারি না।’ উল্লেখ্য, সাহিত্য-সংস্কৃতিতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফ্রান্স সরকার ঐশ্বরিয়াকে নাইট উপাধি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে রবার্ট রেডফোর্ড, জর্জ ক্লুনি, মেরিল স্ট্রিপ ও শাহরুখ খানের মতো তারকারা এ খেতাব পেয়েছেন। ফরাসি দৈনিক লা ফিগারো খবরটি প্রথম প্রকাশ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ