বুধবার, ২০ জুলাই, ২০১১

বিএনপির সংলাপের সুযোগ শেষ হচ্ছে বুধবার: সিইসি

বুধবার সংলাপে না আসলে প্রধান বিরোধী দল বিএনপি আর সংলাপে অংশগ্রহণের সুযোগ পাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।বিএনপির সংলাপে যোগ দেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে শামসুল হুদা বলেন, বিএনপিকে তিন দফা চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে অংশ না নিলে চলমান সংলাপে তারা আর আলোচনার সুযোগ পাবে না।আওয়ামী লীগের সংলাপের নতুন তারিখ সর্ম্পকে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আগস্টের প্রথম সপ্তাহে সংলাপ অনুষ্ঠিত হবে।সংলাপ চলাকালে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সর্ম্পকে বলেন, ‘বাংলাদেশে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ইভিএম চালু করতে পারাটা হয়তো ভাগ্যের ব্যাপার হবে।’তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে পারলে দেশ আরো অনেক দূর এগিয়ে যেতে পারতো। কিন্তু সেই ঐকমত্য আমাদের জীবনে আমরা দেখে যেতে পারবো কিনা জানি না।’এদিকে সংলাপে অংশ নেয়া বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) পক্ষ থেকে আগামী নির্বাচনে ব্যবহার না করে পরবর্তী নির্বাচন থেকে ইভিএম ব্যবহার করার প্রস্তাব দেয়া হয়।দলটির পক্ষ থেকে বলা হয়, প্রাথমিকভাবে ইভিএমকে স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করে ভবিষ্যতে বড় দুই দলের ঐক্যমতের ভিত্তিতে সংসদ নির্বাচনে চালু করা যেতে পারে।নির্বাচন কমিশনার নিয়োগে যারা কোনো না কোনো সরকারের আনুকূল্যে জেষ্ঠ্যতা লঙ্ঘন করে পদন্নোতি পেয়েছে তাদেরকে কমিশনার হিসেবে নিয়োগ না দেয়ারও প্রস্তাব দেয়া হয় দলটির পক্ষ থেকে।এছাড়া সংসদের আসন সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা সহ নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে প্রার্থীদের নগদ টাকা দেয়ার পরিবর্তে নির্বাচনী সরঞ্জাম দেয়ার প্রস্তাব করা হয় দলটির পক্ষ থেকে।সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এম এ মতিন ও মহাসচিব আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। এ সময় অপর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনও উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ