রবিবার, ১৪ আগস্ট, ২০১১

শিক্ষা ও গবেষণার মানের বিবেচনায় শাবি শীর্ষে : অর্থমন্ত্রী

দূর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়বে তরুণ শিক্ষার্থীরা। আর এই শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় দেশের সীমিত সম্পদ ব্যবহার ও ব্যক্তি উদ্যোগ একত্রীকরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নে কাজ হচ্ছে। এ প্রক্রিয়ার বড় উদাহারণ শাহজালাল বিশ্ববিদ্যালয়। এখানে সরকার প্রদত্ত সীমিত সম্পদ ও ব্যক্তি উদ্যোগের সম্মিলনে শিক্ষার বিভিন্ন মানোন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেন্দ্রীয় অডিটোরিয়াম এবং সৈয়দ মুজতবা আলী হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি আরো বলেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় শাবি শিক্ষার্থীদের জন্য সরকারী বরাদ্দ কম। তথাপি শিক্ষা ও গবেষণার গুণগত মানের দিক দিয়ে এ বিশ্ববিদ্যালয় বর্তমানে শীর্ষে অবস্থান করছে। স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, সিলেটবাসীর লালিত এক স্বপ্নের বাস্তবায়ন শাহজালাল বিশ্ববিদ্যালয়। সিলেটবাসী এবং সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সহায়তায় গত আড়াই বছরে বিশ্ববিদ্যালয়ের সর্বাধুনিক কেন্দ্রীয় অডিটোরিয়াম, সিরাজুন্নেসা ছাত্রী হল, সৈয়দ মুজতবা আলী হল, একাডেমিক ভবন ‘এ’ এর বর্ধিতাংশ নির্মাণ সম্ভব হয়েছে। সহযোগিতার ধারা অব্যাহত থাকলে শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ওয়াজেদ মিয়া আইসিটি ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ শিক্ষক ক্লাব নির্মাণ করা সম্ভব হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাংসদ শফিকুর রহমান এবং সৈয়দা জেবুন্নেসা হক বলেন, সারাদেশে বহমান দিনবদলের হাওয়ার ছোঁয়া লেগেছে শাবিতেও । মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ বিশ্ববিদ্যালয় একদিনের জন্যও বন্ধ থাকেনি। যার ফলে বর্তমানে সেশন জট শূণ্যের কোঠায় নেমে এসেছে। প্রতিক্রিয়াশীল চক্রের ষড়যন্ত্র নস্যাত করতে অবিলম্বে বঙ্গবন্ধুর নামে দ্বিতীয় ছাত্রহলের নামকরনসহ বিভিন্ন ভবনের নামকরণ করার আহ্বান জানান তাঁরা। তারা শোকের মাসে যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর খুনীদের প্রতি ধিক্কার জানিয়ে অবিলম্বে তাদের আইনী প্রক্রিয়ায় এনে বিচারের দাবি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ