শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

শান্তিপূর্ণ হরতাল পালিত

বিএনপির ডাকা সকাল-বিকেল হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রাজধানীতে কোথাও বড় ধরনের কোনো সংঘর্ষ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। রাস্তায় পিকেটারদের উপস্থিতিও তেমন দেখা যায়নি। আর শহরের প্রায় সব সড়কেই বাস-সিএনজিচালিত অটোরিকশা-রিকশা চলাচল স্বাভাবিক থাকলেও সংখ্যায় ছিল কম। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।আমাদের প্রতিবেদকরা জানান, সকাল নয়টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে মিছিলটি আবার ক্যাম্পাসের দিকে ফিরে যায়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বেলা সাড়ে তিনটার দিকে জজ কোর্ট এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে। তবে পুলিশের বাধার কারণে মিছিলটি মূল সড়কে যেতে পারেনি।এদিকে আজ বেলা ১১ থেকে একটার মধ্যে কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং কোতোয়ালি ও বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগ হরতালবিরোধী মিছিল করেছে।এ ছাড়া সকাল সাড়ে আটটার দিকে রামপুরা এলাকার ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলকারীদের ধাওয়া করে পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে। যাত্রাবাড়ী, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে জামায়াতের নেতা-কর্মীদের আচমকা মিছিল বের করার খবর পাওয়া গেছে।জামায়াতের দলীয় সূত্র জানায়, আজ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ১৬ জনকে আটক করেছে পুলিশ। মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আশরাফুজ্জামান জানান, হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শাহবাগ থেকে তিনজন, পল্টন থেকে দুজন, মতিঝিল থেকে দুজন, রমনা থেকে একজন এবং খিলগাঁও থেকে একজনকে আটক করা হয়। মিছিল-পিকেটিং করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ