মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

সরকার বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে দিতে চায় না: ফখরুল

বর্তমান সরকার গণতন্ত্রকে হরণ করেছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিএনপির নেতারা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে সে লক্ষ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগরী বিএনপি কার্যালয় ভাসানী ভবনে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি। এবারো করবে না। মির্জা ফখরুল বলেন, মনমোহন সিং বাংলাদেশে এসেছিলেন। কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী নদীর পানি পাইনি। ফারাক্কার মতো টিপাইমুখ বাঁধ বন্ধ করার কোনো ঘোষণাও আমরা পাইনি। বাণিজ্যঘাটতি পূরণ সীমান্তে হত্যা বন্ধের কোনো প্রতিশ্রুতি পাইনি। করিডোর দেয়ার সব ব্যবস্থা তারা নিশ্চিত করে ফেলেছে। একশ’-দেড়শ’ চাকার গাড়ি চলছে। তিনি বলেন, জিয়াউর রহমান ৩২ বছর আগে উপলব্ধি করেছিলেন জনসংখ্যার অর্ধেক অংশ মহিলাদের কাজে না লাগালে দেশের উন্নয়ন করা সম্ভব হবে না। সেজন্যই তিনি মহিলা দল গঠন করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন একজন দূরদৃষ্টিসম্পন্ন নেতা। আজকে যখন নারীদের ক্ষমতায়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশ কাজ করছে। তার অনেক আগেই তিনি নারী ও শিশু মন্ত্রণালয় গঠন করে কাজ শুরু করেছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সিনিয়র সহ-সভাপতি রাবেয়া সিরাজ, যুগ্ম-সম্পাদক বিলকিস জাহান শিরিন, নেওয়াজ হালিমা আরলি, রাশেদা বেগম হিরা এমপি, বিএনপির নির্বাহী সদস্য শাহিনা খান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ