মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

স্কুলছাত্রী পূর্ণিমা হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

মাগুরা জেলার চাঞ্চল্যকর স্কুলছাত্রী পূর্ণিমা সমাদ্দার হত্যা মামলায় তিন জনকে ফাঁসির আদেশ দিয়েছে খুলনার একটি আদালত। সোমবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. সেকান্দার আলী আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। এছাড়া আসামিদের বিরুদ্ধে পূর্ণিমাকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা অন্য দুটি মামলারও রায় দেওয়া হয়। ফাঁসিপ্রাপ্তরা হলেন- শ্রীপুর উপজেলার চরমহিষপুর গ্রামের মো. জিল্লুর রহমান (২৩), মো. ইউসুফ জোয়ার্দ্দার (২২) ও মো. আক্কাস শেখ (২৪)।২০১০ সালের ২৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা তিন জনকে অভিযুক্ত করে মাগুরা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি মাগুরা থেকে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।আইনজীবী জানান, আদালত একই রায়ে পূর্ণিমাকে অপহরণের অভিযোগে আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একইসঙ্গে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।উল্লেখ্য, ২০১০ সালের ৪ অগাস্ট শ্রীপুর উপজেলার চরমহিষপুর গ্রামের বাসিন্দা মনোজিত সমাদ্দারের মেয়ে পূর্ণিমা দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়ে বিকালে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে আসামিরা পূর্ণিমার মাথার স্কার্ফ দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে ক্ষেতের মধ্যে ফেলে রাখে। পূর্ণিমা চরমহিষপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলো। ওই দিন রাতেই পূর্ণিমার বাবা মনোজিত সমাদ্দার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ