সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

বিশ্বব্যাংকের পর এবার এডিবি ও জাইকা অর্থায়ন স্থগিত

বিশ্বব্যাংকের পর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি (জাইকা) পদ্মা সেতু নির্মাণের জন্য ১০১ কোটি ডলারের ঋণ সহায়তা স্থগিত করেছে। বিশ্বব্যাংকের মতো তারাও ঋণ সহায়তা স্থগিত হওয়ার বিষয়টি চিঠির মাধ্যমে সরকারকে জানিয়ে দিয়েছে। ফলে পদ্মা সেতু নির্মাণের জন্য ২৯০ কোটি ডলারের বাজেটের মধ্যে ২৩১ কোটি ডলার স্থগিত হয়ে গেল। এ অবস্থায় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়লো। অথচ সরকারের কোন পর্যায়ে এখনও এ দুই দাতা সংস্থার চিঠির বিষয়টি স্বীকার করা হচ্ছে না। জাইকা ও এডিবি তাদের চিঠিতে বলেছে, দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত ঋণ ছাড় করা হবে না। গতকাল প্রকাশিত এ সংক্রান্ত সংবাদে জাইকা’র প্রধান কার্যালয়ের সাউথ এশিয়া বিভাগের পরিচালক ইচি বুচি তোমেহিদো বলেন, পদ্মা সেতু নিয়ে সমপ্রতি দুর্নীতির অভিযোগে ঋণ প্রদান স্থগিত ঘোষণা করেছে বিশ্বব্যাংক। সমন্বিত ঋণ চুক্তির শর্ত অনুযায়ী আমরাও পদ্মা সেতুতে ঋণ দেয়া স্থগিত করার বিষয়টি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছি। এডিবি ও জাইকা সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকা’র সঙ্গে সমন্বিত চুক্তি হয়েছে। সবার চুক্তিতে বলা রয়েছে, প্রকল্পে কোন দুর্নীতির অভিযোগ উঠলে একটি দাতা সংস্থার ঋণ সহায়তা স্থগিত হলে অন্য দাতা সংস্থাও ঋণ সহায়তা স্থগিত করে দিতে পারবে। এ কারণে বিশ্বব্যাংকের পর অন্য দুই দাতা সংস্থার ঋণ সহায়তাও স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখনও বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এই দুই আন্তর্জাতিক দাতা সংস্থা। তবে সমন্বিত ঋণ চুক্তির শর্ত অনুযায়ী তারা এমনটা করেছে। এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ৬১৫ মিলিয়ন ও জাইকা’র ৪০০ মিলিয়নসহ ১০১৫ মিলিয়ন ডলার বা ১০১ কোটি ডলারের ঋণ সহায়তা দেয়ার জন্য চুক্তি করে। এর আগেই ১২০ কোটি ডলারের ঋণ দেয়ার বিষয়টি স্থগিত করেছে বিশ্বব্যাংক। সব মিলিয়ে ২৩১ কোটি ডলার স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে বিশ্বের তৃতীয় বৃহত্তম এ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার বা ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ টাকা। নির্মাণ ব্যয়ের বেশির ভাগই দেয়ার কথা দাতাদের। চুক্তি অনুযায়ী দাতাদের মধ্যে বিশ্বব্যাংকের ১২০০ মিলিয়ন ডলার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ৬১৫ মিলিয়ন, জাইকা ৪০০ মিলিয়ন ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১৪০ মিলিয়ন ডলার দেয়ার কথা। বাকি টাকা বাংলাদেশ সরকার যোগান দেবে। ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের ১৪০ মিলিয়ন ডলার ছাড়া আর সব দাতা সংস্থা ঋণ সহায়তা প্রদান স্থগিত করে দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ