মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

সাধারণ মানুষের চাওয়া উপলব্ধি করতে আ. লীগ ব্যর্থ হয়েছে: সুরঞ্জিত

সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ মানুষের চাওয়া উপলব্ধি করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে মনে করছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, আওয়ামী লীগকে এ নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। তৃণমূলের চিন্তাভাবনা বুঝে প্রার্থীকে সমর্থন বা মনোনয়ন দিতে হবে। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সিন্ডিকেট তৈরি হয়েছে, যা নেতৃত্বকে বিভ্রান্ত করছে। আজ মঙ্গলবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গত রোববার অনুষ্ঠিত নারায়ণগঞ্জের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এক লাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সরকারি দল সমর্থিত প্রার্থী শামীম ওসমান। আইভীর প্রতি গণরায়কে ‘গণজাগরণ’ আখ্যা দিয়ে সুরঞ্জিত বলেন, এই গণজাগরণের মূল দর্শনটি ছিলো বিকল্প হিসাবে চারদলীয় জোট, মহাজোট কিংবা যুদ্ধাপরাধীরা নয়; তাদের আদর্শ ছিলো সৎ, নিষ্ঠাবান আর জনগণের কাছে সত্যিকারের অঙ্গীকারাবদ্ধ প্রার্থী। আইভীর বিজয় ৪০ বছরের রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনবে উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির পলায়নপর রাজনীতির পরাজয় হয়েছে। এ ধরনের বয়কটের পলায়নপর রাজনীতির পরাজয় ভবিষ্যতেও হবে। বিএনপি নির্বাচনে অংশ নিল কী নিল না, জনগণের তাতে কিছু যায়-আসে না। জনগণ বিপুলভাবে ভোট দিয়েছে। বিএনপির রাজনীতি যে কতটা ভ্রান্ত তা এর মধ্য দিয়েই প্রমাণ হয়েছে। ফেইসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগের সাইট আগামীতে নির্বাচনে বড় ধরনের প্রভাব রাখবে বলে মনে করেন সুরঞ্জিত। তিনি বলেন, টেকনোলজির এ যুগে ব্লাডি সিভিলিয়ানদের রাজনীতি নিঃশেষ হয়েছে। এই নতুন প্রজন্ম মিছিল-মিটিংয়ে যাবে না, কিন্তু তাদের নিজেদের সিদ্ধান্ত তারা ঠিকই প্রতিফলিত করবে।জেল হত্যা দিবসকে সামনে রেখে তিনি আপিল বিভাগ থেকে নির্দেশনা নিয়ে এ মামলার বিচার নতুনভাবে শুরু করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ