রবিবার, ২৪ জুলাই, ২০১১

অটিজম সম্মেলনে যোগ দিতে কাল ঢাকা আসছেন সোনিয়া গান্ধী

বিশ্ব অটিজম সম্মেলনকে সামনে রেখে রোববার রাতে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছবেন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশের দশ জনেরও বেশি ভিআইপি এ সম্মেলনে উপস্থিত থাকবেন।বিশ্বে এটি হবে অটিজমের ওপর সর্ববৃহৎ সম্মেলন। অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অটিস্টিক শিশুদের কল্যাণে আন্তর্জাতিক অটিজম সম্মেলন শেষে ‘ঢাকা ঘোষণা’প্রস্তাব করা হবে।সম্মেলনকে সামনে রেখে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, তথ্যমন্ত্রী আবুল কামাল আজাদ, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), অটিজম স্পিকস আমেরিকা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয় অঞ্চলের দিল্লি অফিস যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।

২৫ ও ২৬ জুলাই রূপসী বাংলা হোটেলে ‘অটিজম স্পেকটার্ম ডিস অর্ডারস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিসএবিলিটি ইন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। পরবর্তী ৩ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে তিনটি ভিন্ন ভিন্ন কর্মশালা।সোনিয়া গান্ধী ছাড়াও সম্মেলনে যোগ দিবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার ফাহমিদা মির্জা, ইন্দোনেশিয়ার ফার্স্ট লেডি এনি বোম্বাং ইউদোইয়োনো, শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শ্রীনাথি রাজাপাকশে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ইহাম হোসেন, ভুটানের স্বাস্থ্যমন্ত্রী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।সোমবার শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধনী বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান অথিতি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এটি পরিচালনা করবেন বাংলাদেশ অটিজম সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল।এই সম্মেলনে অটিস্টিক শিশুদের বাবা-মা, শিক্ষক, থেরাপিস্ট এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশের দেড় লাখেরও বেশি অটিস্টিক শিশুর ভাগ্য পরিবর্তনে এই সম্মেলন গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ