শুক্রবার, ২২ জুলাই, ২০১১

গাড়ি কথা বলবে!


যানবাহন নিয়ে মানুষের গবেষণা চলছেই৷ কীভাবে গাড়ির গতি আরও বাড়ানো যায়, কীভাবে অন্যান্য কাজেও গাড়ি ব্যবহার করা যায় এসব নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে৷ মানুষ হিসেবে আমরা একে অপরের সঙ্গে কথা বলি৷ অন্যান্য প্রাণীও সেটা করে থাকে৷ কিন্তু গাড়িতে-গাড়িতে কথা, এটা কী কেউ কখনো শুনেছেন!ইটালির বিজ্ঞানীরা এ বিষয়ে গবেষণা করছেন৷ তারা বলছেন, গবেষণা সফল হলে এক গাড়ি আরেক গাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারবে৷ ফলে কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে ঐ রাস্তায় থাকা অন্য গাড়ি খবর পেয়ে যাবে৷ এতে করে পেছনে থাকা গাড়িগুলো চাইলে রাস্তা পরিবর্তন করে অন্য দিকে চলে যেতে পারবে বা বিকল্প কোনো উপায় খুঁজে নিতে পারবে৷ইটালির বোলোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ বিষয়ে কাজ করছেন৷ ইতিমধ্যে তারা প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করে ফেলেছেন৷ এই সফটওয়্যারের মাধ্যমেই এক গাড়ি অন্যটির সঙ্গে যোগাযোগ করবে৷ আগামী মাসে সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে কয়েকটি গাড়িতে সংযোগ করা হবে৷ এরপর গাড়ি চালিয়ে দেখা হবে সেটা কেমন কাজ করে৷এই প্রযুক্তিকে বলা হচ্ছে টেলিমেটিক্স৷ টেলিকমিউনিকেশনস ও ইনফরমেটিক্সএর সমন্বয় ঘটানো হয়েছে এই প্রযুক্তিতে৷ বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে রাডারের সাহায্যে একটি গাড়ি আগে থেকেই জানতে পারে যে, সামনে কোনো দুর্ঘটনা হয়েছে কী না৷ সেটা সম্ভব তখনই যখন গাড়িটি একেবারে প্রায় দুর্ঘটনাস্থলের কাছে থাকে৷ এর ফলে শুধু দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়৷ কিন্তু তাদের গবেষণা সফল হলে কয়েক কিলোমিটার দূর থেকেই সামনের দুর্ঘটনার কথা জানতে পারবে গাড়ি৷এই পদ্ধতিতে প্রত্যেকটি গাড়ি ওয়াই-ফাই প্রযুক্তিতে যুক্ত থাকবে৷ ফলে কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে তার অ্যাক্সেলারেশন সেন্সরএ পরিবর্তন আসবে যেটা সঙ্গে সঙ্গে জেনে যাবে পেছনের গাড়িগুলো৷গবেষক দলের সদস্য অধ্যাপক গুস্তাভো মার্ফিয়া বলেন, এ ধরণের একেকটি ডিভাইসের দাম পড়বে ২৫ পাউন্ড৷ ডিভাইসটি গাড়ির ড্যাশবোর্ডে লাগানো যাবে৷ এছাড়া ওয়াই-ফাই আছে এমন স্মার্টফোনেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে৷এই গবেষণা সফল হলে স্মার্ট সিটিঅর্থাৎ আধুনিক শহর তৈরির কাজ আরও এগিয়ে যাবে৷ যে শহরের সব কিছু চলবে কম্পিউটারের মাধ্যমে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ