বুধবার, ১০ আগস্ট, ২০১১

পাবনার সাত শতাধিক ধান-চাল চাতাল বন্ধ

সপ্তাহের টানা বৃষ্টির ফলে পাবনার প্রায় সাড়ে ৭শ’ ধানের মিল-চাতালে হাজার হাজার টন ধান সিদ্ধ অবস্থায় পচে নষ্ট হচ্ছে। এর ফলে মিল মালিক ধান ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা ক্ষতি গুনতে হচ্ছে বলে ব্যবাসায়ীরা জানিয়েছেন। এদিকে মিল-চাতাল বন্ধ থাকায় এসব মোকামের কমপক্ষে ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। ফলে চাতাল মালিক, ব্যবসায়ী ও শ্রমিকসহ ধান-চাল ব্যবসার সঙ্গে জড়িতরা আসন্ন ঈদ কে সামনে রেখে চরম দুঃশ্চিন্তায় রয়েছেন।মিল মালিকরা জানান, কোনও মিলে ধান সিদ্ধ করে ফেলে রাখা হয়েছে, আবার কোনও মিলে হাউজে ভেজানো অবস্থায় ধানের চারা গজিয়ে হাজার হাজার মন ধান হাউজেই পচে নষ্ট হয়ে যাচ্ছে, রোদের অভাবে শুকানো যাচ্ছে না। ঈশ্বরদীর জয়নগর, সাহাপুর, দাশুড়িয়া, ছলিমপুরসহ বিভিন্ন এলাকার মিল-চাতাল এলাকায় পচা ধানের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বৃষ্টির কারণে ধান সিদ্ধ করার পর স্তুপ করে পলিথিন ও বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ অবস্থায়ও টানা এক সপ্তাহ সিদ্ধধান ভেজা এবং ঢাকা অবস্থায় থাকায় দানা পচে যেতে শুরু করেছে। বৃষ্টির পর এসব ধান থেকে উৎপাদিত চাল পচা দুর্গন্ধসহ বাজারে আসবে বলে জানান ব্যবসায়ীরা। আর সবকিছু মিলিয়ে চলমান টানা বৃষ্টির কারণে মিল মালিক-ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানান। ঈশ্বরদী উপজেলা ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মজিবর হক মোল্লা জানান, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় ধান সিদ্ধ করে মহা বিপদের মধ্যে রয়েছেন ধানকল মালিক-ব্যবসায়ীরা। এবারকার চালানে সব ব্যবসায়ীকেই বিপুল পরিমাণ লোকসান গুনতে হবে। ঈশ্বরদী চাল কল মালিক গ্রুপের  সভাপতি শামসুল আলম জানান, ঈশ্বরদীতে প্রায় সাড়ে ৭ শত ধান চাতাল রয়েছে। এসব চাতালে এখন পুরো দমে ধান সিদ্ধ করার কাজ চলছে। কিন্তু গত এক সপ্তাহের মুষলধারে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও মালিকরা। এভাবে আর দু’একদিন বৃষ্টি হলে ব্যবসায়ীদের লোকসানের পরিমাণ আরো বেড়ে যাবে।ঈশ্বরদী উপজেলা চাল ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে এ মোকামের প্রায় ২০ হাজার শ্রমিক বেকার হয়ে বসে আছেন। তিনি জানান, শুধু চাতাল নির্ভর চাল ব্যবসায়ীদের অবস্থাও চরম খারাপ, অনেকে ব্যবসা বন্ধ করে পূঁজি ভেঙে চলছেন। বেকার শ্রমিকরা মহাজনদের নিকট থেকে আগাম টাকা নিয়ে সংসারের খরচ চালালেও আসছে ঈদে ছেলে-মেয়েদের কিছু কিনে দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে পড়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ