বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

সফরসূচি চূড়ান্ত: হাসিনা-মনমোহন বৈঠক ৬ সেপ্টেম্বর

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত সফর সূচি অনুসারে বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বি-পক্ষীয় বৈঠক আগামী ৬ সেপ্টেম্বর রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকাল ৫টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। তবে আনুষ্ঠানিক বৈঠকের আগে দুই প্রধানমন্ত্রী ৩০ মিনিট নিজেদের মধ্যে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।সফর সূচি অনুসারে, ড. মনমোহন সিং স্বস্ত্রীক আগামী ৬ সেপ্টেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা ও লালগালিচা সংবর্ধনা জানাবেন। এসময় আরো উপস্থিত থাকবেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ মন্ত্রিসভার সদস্যসহ আওয়ামী লীগের সিনিয়র সদস্যরা।বিমানবন্দর থেকেই ভারতের প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে যাবেন। সেখানে তিনি পুষ্পাঞ্জলি নিবেদনের পাশাপাশি দর্শনার্থী খাতায় স্বাক্ষর ও বৃক্ষরোপণ করবেন। সাভার থেকে তিনি হোটেল সোনারগাঁওয়ে যাবেন ও মধ্যাহ্নভোজ করবেন। ঢাকায় অবস্থানকালে এ হোটেলেই অবস্থান করবেন তিনি। বিকেল ৪টায় ড. মনমোহনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং বিকাল সাড়ে ৪টায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সৌজন্য সাক্ষাত করবেন। এরপর বিকাল ৫টায় মনমোহন সিং যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরে। সেখানে দুই প্রধানমন্ত্রীর বিভিন্ন চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। রাতে হোটেল সোনারগাঁওয়ে ভারতীয় প্রধানমন্ত্রী তার সম্মানে শেখ হাসিনার দেয়া নৈশভোজে অংশ নেবেন।পরদিন ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় মনমোহন সিং বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সেখান থেকে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রদর্শন করবেন। দুপুরে সোনারগাও হোটেলে তার সম্মানে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দেয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন। মধ্যাহ্ন ভোজ শেষে দুপুর ২টায় বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দুপুর আড়াইটায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার সঙ্গে সোনারগাও হোটেলের স্যুটে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেদিনই বিকাল সাড়ে ৫টায় তিনি ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে ভারতের প্রধামন্ত্রীর সহধর্মীনি গুরশারান কাউর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরু দুয়ারা নানক শাহী পরিদর্শন করবেন।মনমোহনের সফরসঙ্গী হিসেবে থাকবেন তার স্ত্রী গুরশারান কাউর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম ও পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনশাল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানহাওয়াল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তার সঙ্গে ভারতীয় গণমাধ্যমের প্রায় ৬০ সদস্যের  প্রতিনিধিদলও থাকবেন।ভারতের প্রধানমন্ত্রীর সফরের সময় তিস্তার পানিবন্টন চুক্তি, ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় এবং ভারত হয়ে ভুটান ও নেপালে বাংলাদেশের পরিবহণ চলাচল বিষয়ে চুক্তি, ট্রানজিট প্রটোকল, ৬.৫ কিলোমিটার অচিহ্নিত সীমানা নির্ধারণ ও সীমান্ত সমস্যা সমাধানে প্যাকেজসহ আটটি চুক্তি ও ৬টি সমঝোতা স্বারক স্বাক্ষরের লক্ষ্যে কাজ করছে দুই দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ