বুধবার, ২৪ আগস্ট, ২০১১

সরকার বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে : সাইফ

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ‘আটক’ ছেলে সাইফ আল-ইসলাম গতকাল সোমবার রাতে ত্রিপোলিতে বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। এ সময় সাইফ বলেন, সরকার বিদ্রোহীদের ‘মেরুদণ্ড ভেঙে’ দিয়েছে।
সাইফের আটকের খবর লিবিয়ার বিদ্রোহী ও হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক প্রচার এবং বিদেশি গণমাধ্যমের সামনে তাঁর উপস্থিতির বিষয়টিতে বিদ্রোহীদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
বিদ্রোহীরা সাইফকে আটকের দাবি করার একদিন পর গতকাল তিনি সরকারি গাড়িতে করে ত্রিপোলিতে বিদেশি সাংবাদিক অবস্থানকারী হোটেল পরিদর্শনে যান। সেখানে তিনি ঘোষণা দেন, সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে জয় লাভ করছে। এরপর তিনি সাংবাদিকদের নিয়ে গাদ্দাফির বাসভবন বাব আল-আজিজিয়া পরিদর্শনে নিয়ে যান।
সাইফ বলেন, ‘আমরা বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছি। এটা ছিল একটা কৌশল। আমরা তাদেরকে একটা কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছি। এ জন্য আমরা এখন বিজয়ের দ্বারপ্রান্তে।’ সাইফ জানান, ত্রিপোলি গাদ্দাফি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। গাদ্দাফি নিরাপদে আছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাইফ বলেন, ‘অবশ্যই তিনি নিরাপদে আছেন।’ ত্রিপোলি থেকে বিবিসির সংবাদদাতা জানান, সাইফকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সাইফ তাঁর সমর্থকদের সঙ্গে হাত মেলাচ্ছেন এবং ভি চিহ্ন প্রদর্শন করছেন। গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহীম দাবি করেন, সরকার ত্রিপোলির কমপক্ষে ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। তবে বিদ্রোহীদের দাবি, তারাই ত্রিপোলির ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এ অবস্থায় কার দাবির সত্যতা কতটুকু, তা নিয়ে সংবাদমাধ্যমগুলো দ্বিধায় পড়েছে। লিবিয়ার নেতা কোথায় আছেন তা এখনো অস্পষ্ট। তবে কূটনৈতিক সূত্র পশ্চিমা একটি বার্তা সংস্থাকে জানিয়েছে, গাদ্দাফি তাঁর বাসভবনে থাকতে পারেন। সংবাদমাধ্যমগুলোতে বাব আল-আজিজিয়ার আশপাশে গাদ্দাফির অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
৩৯ বছর বয়সী সাইফকে গাদ্দাফির উত্তরসূরি মনে করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ