শনিবার, ২০ আগস্ট, ২০১১

যুক্তরাজ্যে টানা চার দিনের দাঙ্গায় ১১ বছর বয়সী স্কুলছাত্ররাও লুটেরাদের দলে ছিল

যুক্তরাজ্যে টানা চার দিনের দাঙ্গা ও লুটতরাজের সময় কোটিপতির মেয়ে, শিক্ষক, নিরাপত্তারক্ষী, সমাজসেবক, ডাকপিয়ন, নরসুন্দর, বাবুর্চি এমনকি ১১ বছর বয়সী স্কুলছাত্ররাও লুটেরাদের দলে ছিল বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হয়েছে বলে �দ্য সান� পত্রিকার খবর সূত্রে জানা গেছে। এদিকে, টানা চার দিনের দাঙ্গা ও লুটতরাজের পর যুক্তরাজ্যের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ভয় কাটেনি। বিভিন্ন স্থানে পুলিশি পাহারা চলছে। চলছে বাড়ি বাড়ি পুলিশের তল্লাশিও। দেশটির উপসহকারী কমিশনার স্টিফেন কাভানাগ বলেছেন, গত রাত থেকেই লন্ডনের বাড়িগুলোতে পুলিশ তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। এ সময় শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে, লুটতরাজ ও হামলার অভিযোগে ইতিমধ্যেই পুলিশ ৮ শ৮৮ জনকে গ্রেপ্তার করেছে এবং প্রায় ৩শ৭১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দ্য সানের খবরে বলা হয়েছে, প্রায় ২শ লুটেরাকে সহযোগিতা করার অভিযোগে ১৯ বছর বয়সী লরা জনসন নামের লন্ডনের এক কোটিপতির মেয়েকে আদালতে হাজির করা হয়েছে। আদালত জানিয়েছেন, লরা প্রায় পাঁচ হাজার ৫শ ডলার মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম, সিগারেট ও অ্যালকোহল লুট করেছেন। তবে লুট করার বিষয়টি পুরোপুরি অস্বীকার করায় লরাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য বেক্সলি জেলহাজতে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, লরা গাড়ি চালিয়ে চার্লটন ও দক্ষিণ-পূর্ব লন্ডনের বাজারে গিয়ে লুটপাট চালিয়েছেন। তবে এ ব্যাপারে লরার বাবা রবার্ট ও মা লিন্ডসে কোনো মন্তব্য করতে রাজি হননি। গত সোমবার রাতে লরা আলেকজান্ডার এলিয়ট (১৮) ও জোয়াহিল (১৭) নামে আরও দুজনের সঙ্গে গ্রেপ্তার হন। তাঁরা সবাই ক্লোজ সার্কিট ক্যামেরার সামনে মুখ লুকানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এরা ছাড়াও লুটের অভিযোগে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সরকারি কৌঁসুলি স্টিভেন ডেভিস বলেছেন, ওই স্কুলছাত্রকে পুলিশ সরাসরি লুট করতে দেখেছে। কিন্তু পুলিশ যখন তাকে হাতেনাতে আটক করে, তখন সে বলেছে, সে আসলে লুট করেনি। বরং জিনিসগুলো নিরাপদ জায়গায় সরিয়ে রাখার জন্য নিয়েছে। হাইবেরির কিশোর আদালত জানিয়েছে, ওই ছেলেটি প্রায় সপ্তাহখানেক আগে অন্য একটি অভিযোগে অভিযুক্ত হয়েছিল। এদিকে ক্রয়ডন ইলেকট্রিক্যাল স্টোরে লুট করার অপরাধে অ্যালেক্স বেইলি (৩১) নামের স্টকওলের একটি স্কুলের এক শিক্ষককে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। অ্যালেক্স অনেক আগেও এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন বলে হাইবেরি ম্যাজিস্ট্রেট জানিয়েছে। অ্যালেক্স বর্তমানে রিমান্ডে রয়েছেন। এ ছাড়াও নটিংহামে ভাঙচুরের অভিযোগে ১১ বছরের এক কিশোরীকে এবং টেলিভিশন লুটের অভিযোগে এক সমাজসেবককেও গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে প্রচারণা চালিয়ে এ বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার অভিযোগে স্টিভেন জোনস নামের ১৮ বছর বয়সী তরুণকে অভিযুক্ত করেন আদালত। জানা গেছে, প্রায় ১শ জনের বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য লন্ডনের আদালত বিকেল পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ