শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

আসাদকে পদত্যাগের আহ্বান যুক্তরাষ্ট্র-ইইউ'র

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়েছে। সিরিয়ায় ৫ মাস ধরে নির্মমভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনাভিযানের পরিপ্রেক্ষিতে আসাদকে পদত্যাগের এ আহ্বান জানানো হলো। এ দমনাভিযানে গুলি করে প্রায় ২ হাজার মানুষ হত্যা এবং ব্যাপক নির্যাতন চালানো হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, "সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। কিন্তু প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।" "নিজ দেশের জনগণের ওপর নির্যাতন, দমনপীড়ন চালিয়ে যাওয়ার কারণে তার সংলাপ এবং সংস্কারের আহ্বান ফাঁকা বুলিতে পর্যবসিত হয়েছে।" "সিরিয়ার জনগণের স্বার্থেই আসাদের এখন ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সময় হয়ে এসেছে," বলেন ওবামা। সিরিয়ায় সহিংসতা অবসানে যুক্তরাষ্ট্রের নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে সিরিয়া সরকারের সম্পদ জব্দ করাসহ সিরিয়ায় মার্কিন নাগরিকদের কার্যক্রম এবং বিনিয়োগ নিষিদ্ধ করা এবং সিরিয়া থেকে পেট্রোলিয়াম আমদানি বন্ধের নির্দেশ দিয়েছেন ওবামা। ওদিকে, ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ