শনিবার, ২০ আগস্ট, ২০১১

বিদ্রোহীদের হামলায় ইয়েমেনের প্রেসিডেন্ট আহত

ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে বিদ্রোহীদের রকেট হামলায় শুক্রবার প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ আহত হয়েছেন। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের স্পিকারও আহত হয়েছেন। এছাড়া প্রেসিডেন্টের ৪ দেহরক্ষী নিহত হয়েছেন বলে জানা গেছে। ইয়েমেনের নিরাপত্তা কর্মীরা জানান, শুক্রবার প্রেসিডেন্ট ভবনে অবস্থিত মসজিদে এ হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় প্রেসিডেন্ট সালেহসহ অন্যরা জুমার নামাজের জন্য মসজিদে ছিলেন। আহত হলেও সালেহ ভালো আছেন-এ কথা উল্লেখ করে দেশটির তথ্যমন্ত্রী জানান, খুব তাড়াতাড়ি জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। এজন্য আদিবাসী নেতা শেখ আল-আহমারের নেতৃত্বাধীন দল হাশেদ এর যোদ্ধাদের দায়ী করছে সরকার। রাজধানী সানার উত্তরাংশে গত মঙ্গলবার থেকে ওই আদিবাসীদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে। আদিবাসীদের এক মুখপাত্র জানায়, তাদের ওপর হামলার প্রতিশোধ নিতেই প্রেসিডেন্ট প্রাসাদে ওই হামলা চালানো হয়েছে। তবে আল-আহমার এ হামলার দায় অস্বীকার করে বলেন, রাস্তায় বিরোধী বাহিনীর সঙ্গে লড়াইয়ের যৌক্তিকতা প্রমাণ করতে সালেহ এ ঘটনা ঘটিয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট সালেহর পক্ষ ত্যাগী জেনারেল আলি মহসেনের সমর্থকেরাও এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহসেন গত এপ্রিলে বিরোধী শিবিরে যোগ দিয়ে বিক্ষোভকারীদের সুরক্ষায় সেনাদের মাঠে নামিয়েছিলেন। সানায় গতকাল থেকে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সশস্ত্র সংঘর্ষ চলছে। এদিকে, সিরিয়ার হামা শহরে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালালে ২৭ জন নিহত হন। ওই বিক্ষোভে কমপক্ষে ৫০ হাজার মানুষ অংশ নেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ