শনিবার, ১৩ আগস্ট, ২০১১

সেনা মোতায়েনের ইঙ্গিত ক্যামেরনের

ইংল্যান্ড জুড়ে শুরু হওয়ায় ভয়াবহ দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। গতরাতে রাজধানী লন্ডনে রিচার্ড ম্যানিংটন বাওয়েজ নামে ৬৮ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে মারা যায়। রিচার্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। গত সোমবার রাতের ভয়াবহ দাঙ্গায় তিনি মারাত্মক আহত হয়ে এই ক’দিন কোমায় ছিলেন রিচার্ড। রিচার্ডের মৃত্যুর পর হত্যার বিষয়টি তদন্তে গোয়েন্দা পুলিশ মাঠে নেমেছে। এর আগে, দাঙ্গায় যে চারজন নিহত হয়েছে তার মধ্যে তিনজনই মুসলমান। দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত দেড় হাজারের বেশি গ্রেফতার হয়েছে এবং সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির বিষয়ে ৫০০ জনের বিরুদ্ধে মারাত্মক অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। এদিকে, দাঙ্গা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় দেশটিতে সেনা মোতায়েন ও কারফিউ জারির ইঙ্গিত দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ বিষয়ে তিনি দেশের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। গতরাতেও কোনো কোনো জায়গায় ছোট খাটো সহিংসতার ঘটনা ঘটেছে। এ অবস্থায় ক্যামেরন বলেছেন, দাঙ্গাকারীদের দমনে সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং আইন-শৃংখলা পরিস্থিতি পুনর্বহাল না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। তিনি আরো বলেছেন, “আগামী বছর অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের আগে বিশ্বকে দেখাতে হবে যে, বর্তমানে যা ঘটছে তা আমাদের আসল পরিচয় নয়।” তিনি দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দেয়ার কথাও ঘোষণা করেন। বৃটিশ পার্লামেন্টের জরুরি অধিবেশনে ক্যামেরন এসব কথা বলেছেন। তবে, পুলিশের জন্য ব্যয় কমানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী তিনি অনড় রয়েছেন। এতে মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন তিনি। দাঙ্গার কারণে নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে বিরোধীদল এ প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। বৃটেনে চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তির জন্য সরকার যে ব্যয় সংকোচন নীতি নিয়েছে তার অংশ হিসেবে পুলিশ বিভাগে ব্যয় কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় লন্ডনে পুলিশের সংখ্যাও কমানো হবে। প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তর লন্ডনের টটেনহামে ২৯ বছর বয়সী মার্ক ডুগান নামে এক কৃষ্ণাঙ্গ যুবক পুলিশের গুলিতে নিহত হওয়ার পর শনিবার রাতে সেখানে দাঙ্গা ও লুটপাট ছড়িয়ে পড়ে। পরে সে দাঙ্গা প্রায় সারাদেশে ছড়িয়ে পড়েছে। এদিকে দেশটির অনেক কমিউনিটি নেতা এবং বিশ্লেষকরা জানিয়েছেন, দাঙ্গা ছড়িয়ে পড়ার পেছনে দারিদ্রতা, বেকারত্ব এবং ব্যয় সংকোচননীতিই দায়ী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ