নিউইয়র্ক, ২২ আগস্ট : লিবিয়ার বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির ৮০ ভাগ এলাকা দখল করেছে। নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি টেলিভিশন ভবনের। ত্রিপোলির বিভিন্ন এলাকায় চলছে তুমুল যুদ্ধ। সিএনএন’র সংবাদদাতা ত্রিপোলি থেকে বলছেন, সেখানে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটছে।মেথিউ চান্স নামের ওই সাংবাদিক লাইভ ব্লগে লিখেছেন, “বিস্ফোরণ মানে শুধু তথাকথিত গোলাগুলির শব্দ নয়, বরং ব্যাপক বিস্ফোরণ।” তারা ত্রিপোলির রিক্সোস হোটেলে অবস্থান করছেন।বিরোধীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান আব্দেল জলিল বলেছেন, গাদ্দাফিকে আটক করতে পারলেই চুড়ান্ত বিজয় অর্জিত হবে। সোমবার বেনগাজিতে তিনি এ কথা বলেন। কিন্তু সেই চূড়ান্ত বিজয় তথা গাদ্দাফিকে আটক করা সম্ভব হয়নি।ইতিমধ্যে গাদ্দাফির দুই ছেলেকে আটক করা হয়েছে। কিন্তু ঘটনার নায়ক গাদ্দাফিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্রোহীরা তাকে হন্যেয় হয়ে খুঁজছে। গাদ্দাফির আবাসিক কম্পাউন্ড বাব আল আজিজিয়ায় হামলা চালানো হয়েছে। কিন্তু খোঁজ মিলছেনা গাদ্দাফির। খোদ জাতিসংঘ মহাসচিব বান কি মুন তার কোন খোঁজ-খবর জানেন না বলে জানিয়েছেন।এ ব্যাপারে সোমবার নিউইয়র্কে সাংবাদিকদের সামনে বান কি মুন বলেন, জাতিসংঘ লিবিয়া নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।বান বলেন, “সম্প্রতি আমি নিজে গাদ্দাফির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তা সম্ভব হয়নি। আমি জানি না গাদ্দাফি কোথায় আছে।”
পেন্টগন মুখপাত্র কর্নেল ডেভিড লেপান বলেছেন, “আমরা বিশ্বাস করি গাদ্দাফি লিবিয়াতেই আছেন। গাদ্দাফির দেশ ছাড়ার ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই।”এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, লিবিয়ার বর্তমান পরিস্থিতি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে সামনে আরো চ্যালেঞ্জ রয়েছে বলে সতর্ক করেন বান। তিনি বলেন, লিবিয়ায় এখন যে জিনিসটি বেশি দরকার তা হলো, জাতীয় ঐকমত্য। গাদ্দাফি কোথায় তা জানেন না বলেও উল্লেখ করেন তিনি।নিউইয়র্কে বান কি মুন লিবিয়ার জনগণকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। গাদ্দাফি পরবর্তী লিবিয়ার যেকোনো প্রয়োজন পূরণে জাতিসংঘ সকল প্রকার চেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।তিনি বলেন, লিবিয়ার বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে, সেখানকার লোকজন ভবিষ্যতে শক্তিশালী গণতন্ত্র চায়।লিবিয়ার পরিস্থিতি নিয়ে আফ্রিকান ইউনিয়ন, লীগ অব আরব স্টেটস এবং ইউরোপিয়ান ইউনিয়নের মতো আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে জরুরি বৈঠক করবেন বলেও জানান বান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন