বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতা নিরসন দাবি আজ থেকে উত্তরাঞ্চলের ১২ রুটে বাস চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতা ও খানা-খন্দ সৃষ্টি হয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ায় মহাখালী বাস টার্মিনাল থেকে উত্তরাঞ্চলের ১২টি রুটে বাস চলাচল বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার আল্টিমেটাম দিয়েছেন পরিবহন মালিক সমিতি। মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ মোঃ আবুল কালাম জানান, গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়ক যান চলাচলের উপযোগী নেই। মহাসড়কে স্থানে স্থানে পানি জমেছে। ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ করে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস, সাইনবোর্ড, বাসন সড়ক, মালেকের বাড়ি, উল্কা সিনেমা হল এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় মহাসড়কটি সবচেয়ে বেশি খারাপ হয়ে পড়েছে। এসব এলাকার পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই মহাসড়কে হাঁটু পানি জমে যায় এবং বিটুমিন নষ্ট হয়ে ছোট-বড় খানা-খন্দের সৃষ্টি হয়। এসব খানা-খন্দক সংস্কার না হওয়ায় পরিবহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বাস মালিকরা স্ব-প্রণোদিত হয়েই মহাখালী থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনাসহ উত্তরাঞ্চলের ৭টি জেলার ১২টি বিভিন্ন রুটে বাস চলাচল বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি গাজীপুর শাখার সাধারণ সম্পাদক কামরুল আহসান রাসেল সরকার বৃহস্পতিবার থেকে বাস চালানো বিরত রাখার সত্যতা স্বীকার করে জানান, ইতোপূর্বে জুলাই মাসে মহাসড়ক সংস্কারের দাবিতে জেলা প্রশাসন ও যোগাযোগ মন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব সংস্কারের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তার বাস্তবায়ন নেই। তাই বাস মালিকরা বাস পরিচালনা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ