লর্ডস, ২২ আগস্ট : নিজেদের মাটিতে ভারতকে শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ করেই ছাড়লো ইংলিশরা। আগের তিন টেস্টের পুনরাবৃত্তিই ঘটলো লর্ডস টেস্টেও। চার টেস্ট সিরিজের শেষ টেস্টে মহেন্দ্র সিং ধোনির ভারতকে আবারো ইনিংস ও আট রানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড। ফলে ৪-০তে লজ্জাজনক ‘হোয়াইটওয়াশ’ হলো সফরকারী ভারত।স্ট্রাউস বাহিনী ভারতকে ৪-০তে হোয়াইটওয়াশ করে এন পাওয়ার টেস্ট সিরিজের ট্রফি জয়ের পাশাপাশি টেস্ট ক্রিকেটের শীর্ষস্থানটিও ছিনিয়ে নেয় ভারতের কাছ থেকে।প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৯১ রানের জবাবে সফরকারী ভারতের ইনিংস ৩০০ রানে গুটিয়ে গেলে ফলোঅনে পড়ে ভারত। ২৯১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত ২৮৩ রানের বেশি এগুতে না পারায় আবারো লজ্জাজনক ইনিংস পরাজয় জুটে তাদের কপালে।ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার ও অমিত মিশ্রা চতুর্থ উইকেট জুটিতে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েও ইনিংস পরাজয় এড়াতে পারেননি। শচিন ৯১ রান করে ব্রেসনানের বলে এলবিডব্লিউর ফাঁদে পা দিলে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরির সেঞ্চুরি থেকে বঞ্চিত হন শচিন।দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অমিত মিশ্রার ব্যাট থেকে। সোয়ানের বলে বোল্ড হওয়ার আগে ১৪১ বল মোকাবেলায় ১০টি চারের সাহায্যে ৮৪ রান করেন মিশ্রা।
টেন্ডুলকার এদিন টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের ৬১তম ফিফটির দেখা পান। মিশ্রাও তার ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন।ইংলিশ বোলার গ্রায়েম সোয়ান ভারতের প্রথম ইনিংস তিনটি উইকেট নিজের ঝুলিতে নেন। দ্বিতীয় ইনিংসে আরো ভয়ঙ্কর মূর্তি ধারণ করেন ছয় ফুট উচ্চতার ইংল্যান্ডের এই ডানহাতি অফব্রেক বোলার।সোয়ান দ্বিতীয় ইনিংসে ভারতের ছয়জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। দ্বিতীয় ইনিংসে সোয়ানের বোলিং বিশ্লেষণ ৩৮-৬-১০৬-৬।সোয়ান ছাড়াও ব্রড দুটি এবং অ্যান্ডারসন ও ব্রেসনান একটি করে উইকেট নেন।ম্যাচ সেরার পুরস্কার পান ইয়ান বেল। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড এবং ভারতের রাহুল দ্রাবিড় যৌথভাবে সিরিজ সেরার পুরস্কার পান।আগামি ৩১ আগস্ট ম্যানচেস্টারে সফরের একমাত্র টুয়েন্টি-২০ ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে খেলাটি।
সংক্ষিপ্ত স্কোর
টস : ইংল্যান্ড
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৫৯১/৬ (ডিক্লেয়ার) (স্ট্রাউস ৪০, কুক ৩৪, ইয়ান বেল ২৩৫, পিটারসেন ১৭৫, বোপারা ৪৪ অপ:, প্রিয়র ১৮ অপ:, অতিরিক্ত ৩১; শ্রীশান্থ ৩/১২৩, রায়না ২/৫৮)।
ভারত প্রথম ইনিংস : ৩০০/১০ (রাহুল দ্রাবিড় ১৪৬ অপ:, শচিন ২৩, মিশ্রা ৪৩, আরপি সিং ২৫, অতিরিক্ত ২৫; ব্রেসনান ৩/৫৪, সোয়ান ৩/১০২, অ্যান্ডাসন ২/৪৯, ব্রড ২/৫১)
ভারত দ্বিতীয় ইনিংস : ২৮৩/১০ (শেবাগ ৩৩, দ্রাবিড় ১৩, লক্ষন ২৪, শচিন ৯১, মিশ্রা ৮৪, অতিরিক্ত ১৯; সোয়ান ৬/১০৬, ব্রড ২/৪৪)।
ফল : ইংল্যান্ড ইনিংস ও আট রানে জয়ী।
সিরিজ : ইংল্যান্ড ৪-০তে সিরিজ জয়।
ম্যান অব দ্য ম্যাচ : ইয়ান বেল (ইংল্যান্ড)
ম্যান অব দ্য সিরিজ (যৌথভাবে) : স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) এবং রাহুল দ্রাবিড় (ভারত)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন