বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

অপশাসনে ঈদে জনগণ আনন্দ বঞ্চিত হয়েছে: খালেদা

আওয়ামী লীগ সরকারের অপশাসনে এবার জনগণ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি।বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে লেডিসক্লাবে দেশের সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।খালেদা জিয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সরকার এগুলো নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সর্বোপরি দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতায় দেশবাসী এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মানুষ ঈদ উদ্‌যাপন করছে,  কিন্তু ঈদের কোন আনন্দ তাদের মনে ও মুখে নেই। কারণ দেশ এবং দেশের মানুষের কারো অর্থনৈতিক অবস্থাই ভালো নেই।বিএনপি চেয়ারপারসন বলেন, মানুষের কাজকর্ম নেই। মানুষ দুই বেলা পেট ভরে খেতেও পারছে না। গোটা দেশে চলছে ব্যাপক অরাজকতা আর সন্ত্রাস। বর্তমান অবস্থা সেই চুয়াত্তেরর দুর্ভিক্ষে কথাই স্মরণ করিয়ে দেয়।তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির সাথে যোগাযোগ করছে। তারা প্রত্যেকেই সরকারের বিরুদ্ধে আন্দোলন চায়। এ আন্দোলন সরকারে যাওয়ার জন্য নয়, দেশ এবং দেশের মানুষকে রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। খালেদা জিয়া বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা লুটপাটে জড়িয়ে পড়েছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। মন্ত্রীরা একে অপরের সাথে ঝগড়া করছে। এভাবে দেশ চলতে পারে না বলেও জানান তিনি।ঈদের পর সরকারবিরোধী কর্মসূচি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সেপ্টেম্বর মাসেই আন্দোলনের নতুন কর্মসূচি দেবে বিএনপি। ঈদের ছুটির পর আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঠিক করা হবে।শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বেগম জিয়ার সাথে প্রথমে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং পরে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ