সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১১

জার্মান নির্বাচন : নিজ এলাকায় পরাজিত আঞ্জেলা

জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মারকেলের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দল তার নিজ এলাকা মেক্লেনবার্গ-ভরপোমমার্নে পরাজিত হয়েছে। সেখানে বিজয়ী হয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি বা এসপিডি। নির্বাচনে এসপিডি পেয়েছে শতকরা ৩৭ ভাগ ভোট। এর বিপরীতে মারকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পেয়েছে মাত্র ২৪ ভাগ ভোট। শতকরা ১৭ ভাগ ভোট পেয়ে নির্বাচনে তৃতীয় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বামপন্থী দল। ২০০৬ সালে এ এলাকায় মারকেলের দল পেয়েছিল শতকরা ২৮ দশমিক আট ভাগ ভোট। জার্মানির জাতীয় নির্বাচনের আরো দু’বছর বাকি থাকলেও নির্বাচনের এ পরাজয়কে চ্যান্সেলর মার্কেলের জন্য বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে। চলতি বছরের আঞ্চলিক নির্বাচনে তার দল পাঁচ রাজ্যে পরাজিত হয়েছে এবং এর মধ্যে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির কাছে দু’টি রাজ্যের ক্ষমতা হারিয়েছে।
১৬ লাখ অধিবাসীর মেক্লেনবার্গ-ভরপোমমার্ন এলাকায় বেকারত্বের হার শতকরা ১২ ভাগ এবং বলা হয় এটা জার্মানির সবচেয়ে বঞ্চিত এলাকা। সেখানকার মানুষের রোজগারও খুবই কম।এদিকে, ইউরোজোনের আর্থিক সঙ্কট কাটিয়ে ওঠা নিয়ে কঠিন ভোটের মুখে রয়েছেন মারকেল এবং ধারণা করা হচ্ছে তার শরিক দলগুলো এ বিষয়ে তাকে পর্যাপ্ত সমর্থন দেবে না। আগামী ২৯ সেপ্টেম্বর জার্মান সংসদে ওই ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ