বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

পশ্চিমারা সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে : ওয়ালিদ আল মোয়াল্লেম

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম বলেছেন, পশ্চিমা বলদর্পী শক্তিগুলো তার দেশকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। এ জন্য তারা সিরিয়ায় নানা ধরনের সহিংস কর্মকাণ্ড উস্কে দিচ্ছে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে ভাষণ দেয়ার সময় তিনি এসব কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে সিরিয়ার ওপর অবরোধ আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চাপ দিচ্ছে ইউরোপ এবং আমেরিকা। এ ছাড়া, বিদেশি হস্তক্ষেপের ক্ষেত্র তৈরিরও চেষ্টা করছে তারা। ওয়ালিদ আল মোয়াল্লেম বলেন, কয়েকটি বিদেশি সরকার চায় না- সিরিয়ার নানা ধর্ম ও রাজনৈতিক দল সহাবস্থান করুক। তিনি অভিযোগ করেন, সিরিয়ায় তৎপর নানা গোষ্ঠীকে বিদেশি শক্তি অর্থ, অস্ত্র ও উস্কানি দিয়ে সহায়তা করছে। চরমপন্থা ছড়িয়ে দেয়ার বিষয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোও ভূমিকা রাখছে। ওয়ালিদ আল মোয়াল্লেম প্রশ্ন রেখে বলেন, সিরিয়াকে বিভক্ত করা ছাড়া আর কি উদ্দেশ্যে এসব কাজ করা হচ্ছে। এর ফল হিসেবে প্রতিবেশি দেশগুলোও মারাত্মক পরিণতি ভোগ করবে বলে তিনি উল্লেখ করেন। তবে, পশ্চিমা দেশগুলোর এ ষড়যন্ত্র তার দেশের জনগণ শক্ত হাতে মোকাবেলা করবে এবং বিদেশি শক্তির যে কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়ার জনগণ কোনোভাবেই পশ্চিমাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ