রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১

ঢাবির হল তল্লাশি: অস্ত্রসহ ৪ ছাত্রলীগ কর্মী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের একটি কক্ষে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শাহবাগ থানা পুলিশকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের বর্ধিত ভবনের ২০০৫ নম্বর কক্ষে এই অভিযান চালায়। আটক ছাত্ররা হলেন, বাংলা বিভাগের ইমরান হোসেন, ইতিহাস বিভাগের শরীফুল ইসলাম, সমাজ বিজ্ঞানের কামাল হোসেন ও ইতিহাস বিভাগের মোরশেদ আলম। তারা সবাই প্রথম বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে শিক্ষার্থীরা। হলের প্রভোস্ট অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, রাতে বড় ধরনের নাশকতার চেষ্টা হতে পারে- এমন খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ওই কক্ষে তল্লাশি চালানো হয়। আটক চার ছাত্রের কাছ থেকে রড-লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলামও এই অভিযানের সময় উপস্থিত ছিলেন। এক ছাত্রলীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, হলে সংগঠনের দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে আটক কর্মীরা ওই কক্ষে বসে প্রতিপক্ষের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বলেন, হল কর্তৃপক্ষ চার ছাত্রকে আমাদের হাতে তুলে দিয়েছে। এখন তারা মামলা করলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ